২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-কলকাতা নৌ-যান চলাচলের প্রস্তাব

ঢাকা-কলকাতা নৌ-পথে সরাসরি যাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছে নৌ-পরিবহন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার কমিটির এক বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 06:40 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-কলকাতা নৌ-পথে সরাসরি যাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছে নৌ-পরিবহন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার কমিটির এক বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়। স্থায়ী কমিটির চেয়ারম্যান নূর-ই-আলম চৌধুরী বলেন, "নৌ-পথে যাত্রী পরিবহন বাংলাদেশ ও ভারতের পর্যটন খাতের উন্নতিতে বিশেষ অবদান রাখতে পারে।" "ঢাকা-কলকাতার মধ্যে কবে নাগাদ এই যাত্রী পরিবহন শুরু করা হবে তা আমরা নৌ-পরিবহন মন্ত্রণালয়কে তা জানাতে বলেছি", বলেন তিনি। পাকিস্তান আমলে ঢাকা ও কলকাতার মধ্যে নৌ-পথে সরাসরি যান চলাচলের কথা তুলে ধরে নূর-ই-আলম বলেন, "তবে এটি পরে বাতিল করা হয়।" এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আফসারুল আমীন বলেন, "প্রস্তাবটি ভালই, কি করে এটি বাস্তবায়ন করা যায় তা খতিয়ে দেখা হবে।" কমিটির চেয়ারম্যান জানান, প্রস্তাবটি বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করে নৌ-পরিবহন মন্ত্রণালয় একটি প্রতিবেদন তৈরি করবে। তিনি বলেন, "প্রাথমিকভাবে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পুরনো চারটি জাহাজ দিয়ে এই যাত্রী পরিবহন শুরু করা যেতে পারে। জাহজগুলো এখনো ভালো অবস্থায় আছে।" বাংলাদেশ ও ভারতের মধ্যে মালামাল পরিবহনের ব্যাপারে এরই মধ্যে একটি চুক্তি হয়েছে। এ ছাড়া ঢাকা ও কলকাতার মধ্যে সরাসরি বাস ও ট্রেন সার্ভিসও রয়েছে। নূর-ই-আলম চৌধুরী বলেন, "ঢাকা-কলকাতার মধ্যে সরাসরি নৌ-পথে জাহাজ চলাচল শুরু হলে এটি খুব সহজেই যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। কারণ কলকাতা যাওয়া এবং আসার পথে জাহাজগুলো সুন্দরবনের পাশ দিয়ে যাবে। এতে যাত্রীরা প্রকৃতির নৈস্বর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/টিআর/০০২০ ঘ.