সাতক্ষীরা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারের হাতে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে উল্লেখ করে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ঘূর্ণিঝড় আইলা'র আঘাতে ক্ষতিগ্রস্ত কোনো মানুষকে না খেয়ে মরতে দেওয়া হবে না।
তিনি বলেন, "সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্য সহযোগিতা দেওয়া হবে।"
বুধবার সকালে সাতক্ষীরার শ্যামনগরের চকবারা ও মুন্সিগঞ্জ গ্রামে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে মন্ত্রী এ কথা বলেন।
জলোচ্ছাসে ভেঙে যাওয়া বেড়িবাঁধ পুনর্নির্মাণে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।
এরপরে শ্যামনগর উপজেলা পরিষদে আয়োজিত এক সমাবেশে আব্দুর রাজ্জাক বলেন, ত্রাণ সামগ্রী নিয়ে কোনো রকম বিশৃংখলা সহ্য করা হবে না।
তিনি জেলা প্রশাসক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সুষ্ঠুভাবে ত্রাণ সামগ্রী বিতরণের আহবান জানান।
এরপর তিনি আরও কয়েকটি স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সাতক্ষীরা জেলা আ. লীগ সভাপতি ও সাংসদ শেখ মুজিবর রহমান, সাংসদ এইচএম গোলাম রেজা প্রমুখ।
এ ছাড়া প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী এবং পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন সাতক্ষীরার ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থান করছেন। তারা জেলার শ্যামনগর আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন বলে সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩০ ঘ.
bdnews24