ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান স্থাপনাগুলোর একটি হিসেবে চিহ্নিত বঙ্গবন্ধু যমুনা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ জুন থেকে সেনাবাহিনী ওই দায়িত্ব নেবে।
বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু কর্তৃপক্ষের এক সভায় এ সিদ্ধান্ত হয়।
সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্বে নিয়োজিত বর্তমান প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ৫ বছরের মেয়াদ আগামী ৩১ মে শেষ হয়ে যাবে। সেতু কর্তৃপক্ষের মাধ্যমে এ সেতুর টোল আদায় সম্ভব নয় বলে ১ জুন থেকে সেনা বাহিনীকে ওই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেতু কর্তৃপক্ষ ও সেনাবাহিনীর মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা স্মারক সই করার সিদ্ধান্ত হয় বৈঠকে।
সভায় বঙ্গবন্ধু সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব এক মাসের জন্য সেনাবাহিনীকে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়।
দেশের উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজতর করা বঙ্গবন্ধু যমুনা সেতু এ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে উচ্চাভিলাষী স্থাপনা হিসেবে পরিচিত। এর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের ক্ষেত্রে ইতিপূর্বে অনিয়মের অভিযোগ উঠেছে।
সেতু বিভাগের সচিব মো. আবদুল করিমের সভাপতিত্বে সভায় পানি সম্পদ সচিব শেখ মো. ওয়াহিদুজ্জামান, পরিকল্পনা কমিশনের সদস্য এ কে এম জাফর উল্লা খান, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এম জিয়াউল হাসান, জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ারুল হকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১১২ঘ.
bdnews24