২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাড়ি ছাড়ার নোটিশ ৩ মাস স্থগিত

খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার সরকারি নোটিশ তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। পাশাপাশি নিবন্ধিত ইজারা থাকা সত্ত্বেও যথাযথ আইনগত প্রক্রিয়া ছাড়া এটি ফেরত দেওয়ার জন্য গত ২৪ মে-র নোটিশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না তার কারণ দর্শানোর জন্য সরকারের প্রতি রুলনিশি জারি করা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 10:48 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার সরকারি নোটিশ তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। পাশাপাশি নিবন্ধিত ইজারা থাকা সত্ত্বেও যথাযথ আইনগত প্রক্রিয়া ছাড়া এটি ফেরত দেওয়ার জন্য গত ২৪ মে-র নোটিশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না তার কারণ দর্শানোর জন্য সরকারের প্রতি রুলনিশি জারি করা হয়েছে। বুধবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ প্রায় সোয়া দুই ঘন্টা শুনানি গ্রহণ করে এ আদেশ দেন। সরকারের প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, সামরিক ভূ-সম্পত্তি ও সেনানিবাস অধিদপ্তরের পরিচালক, সামরিক ভূমি প্রশাসক ও সামরিক ভূ-সম্পত্তি কর্মকর্তাকে আগামী তিন সপ্তাহের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। আদেশ দেওয়ার প্রাক্কালে আদালত বলেন, রিটটিতে গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি প্রশ্ন জড়িত। তাই বিষয়টি পরীক্ষা করা প্রয়োজন। আদেশের পর ব্যারিস্টার মওদুদ আহমেদ সাংবাদিকদের বলেন, "আদালতের আদেশে মনে হয় আইনের শাসনের বিজয় হয়েছে।" এটি খালেদা জিয়ার ব্যক্তিগত কোন বিষয় নয় মন্তব্য করে মওদুদ অভিযোগ করেন, "এই বাড়িটি নিয়ে রাজনৈতিক ইস্যু তৈরি করা হয়েছিল। রাজনৈতিক ওই ইস্যুর অবসান হয়েছে।" তিনি বলেন, "এই আদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হল। এই আদেশের ফলে খালেদাকে বাড়িটির দখল ছাড়তে হবে না। আগের মতই তিনি শান্তিপূর্ণভাবে বাড়িটিতে বসবাস করবেন।" খালেদার কৌসুলী টি এইচ খান বলেন, খালেদা জিয়াকে বাড়িটি ছাড়ার জন্য সরকার যে নোটিশ দিয়েছিল তা এখন অকার্যকর। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করা হবে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। তিনি বলেন, রিটটিতে সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় আদালত তা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য রুলনিশি জারি করেছে। নোটিশটির কার্যকারিতা স্থগিত করে দিয়েছে। আদালতের জারি করা রুলের বিস্তারিত জবাব দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২০৩৭ঘ.