২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা হালনাগাদের কাজ ১৫ জুন শুরু

আগামী ১৫ জুন থেকে দেশের ১৫৩ টি উপজেলায় প্রথম পর্যায়ে ভোটার তালিকা হাল নাগাদের কাজ শুরু হচ্ছে। আর আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ ও খসড়া ভোটার তালিকা মুদ্রণের কাজ শেষ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 08:34 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৫ জুন থেকে দেশের ১৫৩ টি উপজেলায় প্রথম পর্যায়ে ভোটার তালিকা হাল নাগাদের কাজ শুরু হচ্ছে। আর আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ ও খসড়া ভোটার তালিকা মুদ্রণের কাজ শেষ হবে। বুধবার নির্বাচন কমিশনের (ইসি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে 'ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা প্রকল্পের' পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী একথা জানান। তিনি বলেন, "সারা দেশে চারটি পর্যায়ে ভোটার তালিকা হাল নাগাদের কাজ সম্পন্ন হবে। প্রথম পর্যায়ের কাজ শুরু হচ্ছে ১৫ জুন। দ্বিতীয় পর্যায়ে ১৬১ টি উপজেলা ও ঢাকার ১৭টি সার্কেল ইউনিয়ন, তৃতীয় পর্যায়ে ১৬৭টি উপজেলা এবং ৪র্থ পর্যায়ে দেশের সিটি কর্পোরেশনগুলোর ভোটার নিবন্ধনের কাজ হবে।" প্রকল্প পরিচালক বলেন, আগামী ১৫-২৪ জুন ১৫৩ টি উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে। এরপর ১৬-২৫ জুন পর্যন্ত তথ্য যাচাই চলবে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় স্থাপিত সার্ভার স্টেশনে ভোটার নিবন্ধন চলবে ১ থেকে ২৫ জুলাই। আর বাদপড়াদের নিবন্ধন চলবে ২৬-২৭ জুলাই পর্যন্ত। ঠিকানা স্থানান্তরের তথ্য হালনাগাদের কাজ চলবে ২৮-৩১ জুলাই পর্যন্ত। এক প্রশ্নের জবাবে শাহাদাত হোসেন বলেন, "প্রথম পর্যায়ের কাজ ৪৫ দিনের মধ্যেই সম্পন্ন হবে। পরবর্তী পর্যায়গুলোর চূড়ান্ত সময়সূচি পরে জানানো হবে। সাড়ে চার মাসের মধ্যে সারাদেশে নিবন্ধনের কাজ শেষ হবে।" বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ দ্বিতীয় পর্যায়ে ১৫ থেকে ২৪ জুলাই, তৃতীয় পর্যায়ে ১৫ থেকে ২৪ আগস্ট ও তৃতীয় পর্যায়ে ছয় সিটি করপোরেশনে ১৫ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। শাহাদাত হোসেন জানান, বিদ্যমান ভোটার তালিকায় প্রায় আট কোটি ১০ লাখ ভোটার নিবন্ধিত হয়েছেন। হালনাগাদ কার্যক্রমের পর আগামী ভোটার তালিকায় গতবারের চেয়ে আরও ২-৩ শতাংশ নতুন ভোটার অন্তর্ভুক্ত হতে পারে। এ বছরের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, গত ভোটার তালিকায় যারা নাম অন্তর্ভূক্ত করেননি এবং যারা ঠিকানা পরিবর্তন ও নাম সংশোধন করবেন তারা হালনাগাদ কর্মসূচির আওতায় পড়বেন। ঢাকা সিটি কর্পোরেশনে ভোটারতালিকা হালনাগাদের কাজ কবে শুরু হবে জানতে চাইলে শাহাদৎ হোসেন বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ঢাকা সিটি কর্পোরেশনে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। শাহাদাত হোসেন জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম তত্ত্বাবধানের জন্য আগারগাঁওয়ে অবস্থিত প্রকল্প কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে। এ কক্ষে যোগাযোগের টলিফোন ও মোবাইল ফোন নম্বর হলো- ৯১১৬৯৭১, ০১৭৩০০২০৫১৩, ০১৭৩০০২০৫১৫। সংবাদ সম্মেলনে ইসির জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক ও প্রকল্পের উপ পরিচালক উপস্থিত ছিলেন। ২০০৭ সালের ১০ জুন দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের পাইলট প্রকল্পের কাজ শুরু হয়। এরপর ওই বছরের আগস্ট মাস থেকে সারা দেশে একযোগে ছবিসহ ভোটার তালিকা তৈরীর কাজ শুরু হয়ে ২০০৮ সালের জুলাইয়ে তা সম্পন্ন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এইচএ/১৪৩৯ ঘ.