২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে যতদিন প্রয়োজন সহায়তা চলবে: মন্ত্রী

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ঘুর্ণিঝড় 'আয়লা'-য় উপকূলীয় প্রত্যেকটি উপজেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার সব মানুষকে পুনর্বাসনে যতদিন প্রয়োজন সরকারি সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 04:34 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ঘুর্ণিঝড় 'আয়লা'-য় উপকূলীয় প্রত্যেকটি উপজেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার সব মানুষকে পুনর্বাসনে যতদিন প্রয়োজন সরকারি সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন। মঙ্গলবার ঘুর্ণিঝড় আক্রান্ত উপকূলীয় তিনটি জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে রাজধানীতে ফিরে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। আব্দুর রাজ্জাক জানিয়েছেন, সাগর উত্তাল থাকায় এবং দুর্গম এলাকা হওয়ায় কোনো চর এলাকায় উদ্ধারকারী বা ত্রাণকর্মীরা যেতে পারেনি। মন্ত্রী খুলনার বিভিন্ন এলাকা, ভোলার চরফ্যাশন এবং পটুয়াখালীর গলাচিপার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমানও তার সঙ্গে ছিলেন। আবদুর রাজ্জাক বলেন প্রতিক'ল পরিস্থিতির কারণে ভোলার চরফ্যাশন উপজেলার ঢাল চরে এখনো কোন উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি। সেখানে এখন পর্যন্ত কোন খাদ্য সামগ্রীও সরবরাহ করা সম্ভব হয়নি। বুধবার সকালে সেখানে খাদ্য নিয়ে প্রথম ত্রাণ ও উদ্ধারকর্মীর দল পৌঁছবে। মন্ত্রী এ পর্যন্ত নিখোঁজ মানুষের সংখ্যা নিয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি। তবে সচিব বলেন, এখন আর কোন ব্যক্তির নিখোঁজ থাকার সম্ভাবনা নেই। যারা নিখোঁজ ছিল, তারা মারা গেছে বলে তাদের পরিবার নিশ্চিত হয়েছে। তাই নিখোঁজ ব্যক্তিদের নাম মৃতের তালিকা ওঠানো হয়েছে। বুধবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক যাবেন সাতক্ষীরার শ্যামনগর এলাকা দেখতে। মন্ত্রী সাংবাদিকদের বলেন, জোয়ারের সময় ঘূর্ণিঝড়জনিত জলোচ্ছ্বাস হওয়ায় বেশি ক্ষতি হয়েছে। অনেক ওপরে পানি ওঠায় পুরোনো এবং অপরিকল্পিতভাবে তৈরি করা বেড়িবাঁধগুলো ভেঙে গেছে। ঝড়ে প্রায় ৫০৯ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাজ্জাক জানান। তিনি বলেন, এসব বেড়িবাঁধ সিডরেও ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু যথাযথভাবে সংস্কার করা হয়নি। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানান, ঝড়ে শুধুমাত্র উপকূলবর্তী ইউনিয়নগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার উপজেলা সদরগুলো অক্ষত ছিল। এ কারণে স্থানীয় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সাংসদসহ নেতারা দ্রুত উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করতে পেরেছেন। বেসরকারি প্রশাসনের সঙ্গে পরে সামরিক বাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরাও যোগ দিয়েছেন। আব্দুর রাজ্জাক জানান, বেড়িবাঁধের ভেতরে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হলেও চরগুলোতে অনেক ক্ষতি হয়েছে। কোন কোন চরে এখনো ত্রাণ ও উদ্ধারকর্মীরা যেতে পারেননি। সহায়তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আক্রান্ত উপজেলাগুলোতে এ পর্যন্ত এক কোটি ২৩ লাখ টাকার নগদ সহায়তা এবং দুই হাজার ৫০০ মেট্রিক টন খাদ্য সাহায্য দেওয়া হয়েছে। এসব উপজেলায় এখনো পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। প্রয়োজনে সরকার আরো বরাদ্দ দেবে। সরকারি ত্রাণ সহায়তা কতদিন চলবে, এ প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত এলাকার সব মানুষকে পুনর্বাসনে যতদিন প্রয়োজন সহায়তা অব্যাহত থাকবে। এজন্য কোন বিদেশি সাহায্যের প্রয়োজন হবে না। তিনি জানান, কোন বিদেশি দাতা দেশ বা সংস্থার কাছে সহায়তা চাওয়া হবে না। তবে কেউ যদি সাহায্যে এগিয়ে আসে, সরকারের কোন আপত্তি থাকবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২২৩০