ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে আহ্বায়ক করে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটি পুনর্গঠন করা হয়েছে।
তিন সদস্যের পুনর্গঠিত কমিটিতে আরও আছেন- ভারত প্রত্যাগত ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র রোধিপ্রিয় লারমা।
মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য শান্তি চুক্তি বাস্তায়ন প্রক্রিয়া পরিবীক্ষণ করার লক্ষ্যে সরকার পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটি পুনর্গঠন করেছে। কমিটি শান্তিচুক্তি বাস্তবায়ন সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রয়োজনবোধে সরকারের কাছে সুপারিশ করবে কমিটি।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির একটি চুক্তি সম্পাদিত হয়। এ চুক্তি পার্বত্য শান্তিচুক্তি নামে পরিচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএসবি/০০০০ ঘ.
bdnews24