চট্টগ্রাম, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---পুঁজিবাজারের উন্নয়নে সরকার পদক্ষেপ নিলে আগামী পাঁচ বছরে দেশে বিনিয়োগকারীর সংখ্যা ৫০ লাখে উন্নীত হতে পারে বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সভাপতি মো. রকিবুর রহমান।
দেশে বর্তমানে বিনিয়োগকারীর সংখ্যা ২০ লাখ।
সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সংবাদ সম্মেলনে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজারের উন্নয়নে যৌথভাবে কাজ করার ঘোষণা দেয়। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের নানা ধরণের মাশুল কমাতেও দুই স্টক এক্সচেঞ্জ একমত হয়েছে বলে জানানো হয়।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে আলোচনা করে এ মাশুল কমানো হবে জানান সিএসই সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী।
সংবাদ সম্মেলনে সিইসি সভাপতি ঘোষণা দেন, উভয় স্টক এক্সচেঞ্জ আগামী তিনমাসের মধ্যে বুক বিল্ডিং পদ্ধতি চালু করার প্রক্রিয়া শুরু করেছে। বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে শেয়ারের যৌক্তিক মূল্য নির্ধারণে উভয় এক্সচেঞ্জের কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি তিন মাসের মধ্যে সব প্রক্রিয়া শেষ করবে বলে তিনি জানান।
উভয় এক্সচেঞ্জের সভাপতি সরকারের নিয়ন্ত্রণে থাকা ভাল কোম্পানির শেয়ার পুঁজিবাজারে ছাড়ার আহবান জানান। তারা পদ্মা সেতুর মতো বৃহৎ সেতু , বৃহৎ বিদ্যুৎ প্রকল্প ও গভীর সমুদ্র বন্দর নির্মাণে বিদেশী ঋণ পরিহার করে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করার কথা বলেন।
ডিইসি সভাপতি রকিবুর রহমান বাজারে বন্দরের শেয়ার ছেড়ে দুই হাজার কোটি টাকা সংগ্রহের মাধ্যমে বন্দরকে আধুনিকভাবে গড়ে তোলার কথা বলেন। তিনি বলেন, এসব উন্নয়ন প্রকল্পে জনগণকে সম্পৃক্ত করলে একদিকে যেমন জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়বে তেমনি দুর্নীতি ও পরনির্ভরশীলতা দূর হবে।
সংবাদ সম্মেলনে আগামী অর্থবছরের বাজেটের জন্য পুঁজিবাজারের উন্নয়নে নয়টি প্রস্তাব তুলে ধরা হয়।
ডিএসই সভাপতি রকিবুর রহমান বলেন, বাজেটে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে যেসব প্রকল্প বাস্তবায়ন হবে সেগুলোর অন্তত ২০ শতাংেশর অর্থায়ন পুঁজিবাজার থেকে নেওয়া হলে কর্মসংস্থানের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত হবে।
অপ্রদর্শিত আয় বৈধ করার মাধ্যমে শিল্প-কারখানা গড়া সম্ভব নয় মত দিয়ে তিনি বলেন, বৈধভাবে অর্জিত অপ্রদর্শিত আয়ের পরিমাণ কয়েক লাখ টাকা থেকে শুরু হয়। স্বল্প পরিমাণ টাকা দিয়ে শিল্প কারখানা গড়া কোনভাবেই সম্ভব নয়। তিনি মত দেন এ টাকা শেয়ার বাজারে বিনিয়োগের শর্তে বৈধ করার সুযোগ দেওয়া হলে জনগণ ও সরকার উভয়ই লাভবান হবে।
ডিএসই সভাপতি বলেন, সরকার ও বড় উদ্যোক্তারা পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করলে ব্যাংকের ওপর চাপ কমবে। বাজেটে যেমন সুদের চাপ কমবে তেমনি ব্যাংকে সুদের হারও কমে যাবে।
একই অভিমত ব্যক্ত করে সিএসই সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী সরকারি মালিকানাধীন লাভজনক প্রতিষ্ঠানের শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য আহবান জানান। এ ছাড়া ইউনিলিভার, এভেনটিস, ইস্টার্ন কেবলসসহ যেসব কোম্পানির শেয়ার সরকারের হাতে রয়েছে সেগুলো পুঁজিবাজারে নিয়ে আসার তাগিদ দেন তিনি।
সংবাদ সম্মেলনে বাজেটে পুঁজিবাজারের ওপর করের আওতা না বাড়ানো, ব্যক্তি পর্যায়ে বিনিয়োগের সীমা বাড়ানো, আর্থিক প্রতিষ্ঠানের কর ৪৫ থেকে কমিয়ে ৩৫ শতাংশ নির্ধারণ, করপোরেট করদাতাদের ডিভিডেন্ট আয়ের ওপর কর হ্রাস ইত্যাদি প্রস্তাব দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২৩৫৫ঘ.
bdnews24