ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় 'আয়লা'র আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা ও ত্রাণ কাজে দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনস্থ ৪২ হাজার স্বেচ্ছাসেবীর পাশাপাশি সেনা ও নৌ-বাহিনী এবং কোস্ট গার্ড সদস্যদের নিয়োগ করা হয়েছে।
স্থানীয়ভাবে ত্রাণ কার্যক্রম এবং উদ্ধার তৎপরতাও চলছে।
সোমবার ঘূর্ণিঝড় আয়লার আঘাত-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা শেষে আব্দুর রাজ্জাক খাদ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য দেন।
এর আগে সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এক বৈঠক হয়।
আব্দুর রাজ্জাক জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য, সাংসদ এবং স্থানীয় নেতাদের এলাকায় গিয়ে উদ্ধার তৎপরতা, ত্রাণ কার্যক্রম এবং ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করার নির্দেশ দিয়েছেন।
তিনি নিজে এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলেও জানান রাজ্জাক।
বাতাসের গতিবেগ কম থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, "ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের উচ্চতা অস্বাভাবিক ছিল। কোথাও কোথাও এর উচ্চতা ১২ থেকে ১৩ ফুট পর্যন্ত ছিল। কোথাও কোথাও বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করে। এতে মানুষ সমস্যায় পড়েছে।"
মন্ত্রী জানান, স্থানীয়ভাবে ক্ষতিগ্রস্ত এবং হতাহতদের উদ্ধারে তৎপরতা চলছে। এছাড়া জেলা প্রশাসকদের নেতৃত্বে স্থানীয় স্বেচ্ছাসেবীরা ত্রাণ কার্যক্রম ও উদ্ধার চালিয়ে যাচ্ছে।
তবে সাগর উত্তাল থাকায় এখনো সেনা, নৌ-বাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা সব ক্ষতিগ্রস্ত এলাকায় যেতে পারছেন না বলেও জানান আব্দুর রাজ্জাক।
রাতে সাতক্ষীরা প্রতিনিধি জানান, যশোর সেনানিবাসের লে: কর্নেল জিল্লুর রহমানের নেতৃত্বে ১৮৬ সেনাসদস্যের একটি দল ত্রাণকাজের জন্য শ্যামনগরে পৌঁছেছে।
রাজ্জাক বলেন, ঘূর্ণিদুর্গত জেলাগুলোতে ত্রাণ কার্যক্রম চালিয়ে যেতে সরকার আরো এক হাজার মেট্রিক টন চাল এবং ১২ লাখ টাকার নগদ ত্রাণ সহায়তা দিয়েছে।
পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেওয়ার ব্যাপারেও সরকারের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘূর্ণিঝড় 'আয়লা' দেশের সাতক্ষীরা, ভোলা ও পটুয়াখালীসহ ১১টি জেলার ওপর দিয়ে বয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২২৫৮ঘ.
bdnews24