ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দুটি অস্ত্র মামলায় চলচ্চিত্র অভিনেতা ও সাবেক কমিশনার মনোয়ার হোসেন ডিপজলকে দেওয়া কারাদণ্ড বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করে আপিল বিভাগের চেম্বার বিচারপতির দেওয়া আদেশ প্রত্যাহার করেছে সুপ্রিম কোর্ট।
এ আদেশের পর ডিপজলের কারামুক্তিতে এখন আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
হাইকোর্টের রায় স্থগিতের আদেশ প্রত্যাহারের জন্য ডিপজলের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ ওই আদেশ দেয়।
এদিন ডিপজলের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, "এখন ডিপজলের কারামুক্তিতে কোন বাধা নেই।"
সরকারের পক্ষে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম. ইনায়েতুর রহিম।
২০০৭ সালের ২৭ জুলাই দুটি অস্ত্র মামলায় ঢাকার বিশেষ আদালত পেশাগত জীবনে জনপ্রিয় খল অভিনেতা ডিপজলকে ২৪ (১৭ ও ৭) বছরের কারাদণ্ড দেয়।
গত ২৬ এপ্রিল দুটি অস্ত্র মামলায় ডিপজলকে দেওয়া কারাদণ্ডের এ রায় হাইকোর্ট বাতিল করে দেয়।
তবে রায় স্থগিতের জন্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করলে গত ৩ মে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের রায়টি স্থগিত করে।
২০০৭ সালের ১৬ জানুয়ারি মীরপুর মডেল থানায় অস্ত্র ও গুলি রাখার অভিযোগে মামলা দুটি হয়।
গত বছর ৯ ডিসেম্বর রাজধানীর আদাবর থেকে ডিপজলকে গ্রেপ্তার করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২২১৫ঘ.
bdnews24