মানিকগঞ্জ, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোববার রাত থেকে কয়েক দফা পারাপার বিঘ্নিত হয়। সর্বশেষ সোমবার বিকেল ৩টার সময় বন্ধ হয়ে যায় ফেরি চলাচল।
ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উভয় ঘাটে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। দুর্ভোগের শিকার হন হাজার হাজার যাত্রী।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা জানান, ঝড়ো হাওয়ার কারণে রোববার রাত ৮টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বিঘ্নিত হতে থাকে। বাতাসের বেগ বেড়ে গেলে রাত সাড়ে ৯টায় এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হওয়ায় রাত ১০টার দিকে আবার চলাচল শুরু করা হয়। কিন্তু প্রবল বাতাস ও ঢেউয়ের কারণে সোমবার বিকেল ৩টায় ফেরি চলাচল আবার বন্ধ করে দেওয়া হয়।
বিদ্যুৎ কুমার সাহা আরও জানান, পারাপার বিঘ্নিত হওয়া এবং বন্ধ থাকার কারণে সোমবার সকাল থেকে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে যানজটের সৃষ্টি হয়। দুপুরের দিকে যানযট তীব্র আকার ধারণ করে। হাজার হাজার যানবাহন উভয় ঘাটে আটকে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৯ ঘ.
bdnews24