২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রদ্ধার সঙ্গে নজরুল জয়ন্তী পালিত

সোমবার ১১ জ্যৈষ্ঠ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১০তম জন্মবার্ষিকী। রাজধানীসহ সারা দেশ শ্রদ্ধার সঙ্গে পালন করেছে দিনটি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে কবির কবরে ফুল দিতে নামে মানুষের ঢল। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 12:26 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার ১১ জ্যৈষ্ঠ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১০তম জন্মবার্ষিকী। রাজধানীসহ সারা দেশ শ্রদ্ধার সঙ্গে পালন করেছে দিনটি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে কবির কবরে ফুল দিতে নামে মানুষের ঢল। কবি পরিবারের সদস্য নাতি অরিন্দম কাজী, নাতনি খিলখিল কাজী, মিষ্টি কাজী ও অরিন্দম কাজীর ছেলে অনুরাগ কাজী কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও সারিবদ্ধভাবে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর রশীদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীর একটি দল সকাল ৭টায় প্রথমে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ করে। উপাচার্যের সভাপতিত্বে কবির কবর প্রাঙ্গনে একটি স্বরণসভাও অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন নজরুল বিশেষজ্ঞ অধ্যাপক আবুল কাশেম চৌধুরী ও অধ্যাপক রফিকুল্লাহ খানসহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এরপর নজরুল সঙ্গীত পরিবেশন করেন ওস্তাদ আলাউদ্দিন ও খালিদ হোসেন। উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, "জাতীয় কবির জন্মদিন আমাদের জন্য একটি বড় বিষয়। প্রত্যেক বছরই আমরা চাই এটি আরো ভালোভাবে পালন করতে। ঢাকা বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে প্রতি বছরই নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। শত বছর পরও কবির গান, কবিতা ও লেখা আমাদের কাছে সময়োপযোগী মনে হয়, প্রেরণা যোগায়।'' শিক্ষা কারিকুলামে কবির সৃষ্টিকর্ম ভবিষ্যতে আরও বেশি করে স্থান পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। উপাচার্য জানান, কবির আগামী মৃত্যুবার্ষিকীতে তার সমাধির কাছে নির্মাণাধীন কমপ্লেক্সটি উদ্বোধন করা হবে। কবরে ফুল দিয়ে পিতামহকে স্মরণ করতে গিয়ে খিলখিল কাজী বলেন, "আজকের এই দিনে দাদুর অনুপস্থিতি আমি ভীষণভাবে অনুভব করছি। দাদু বেঁচে থাকতে আমরা দাদুর জন্মদিন পালন করেছি অনেক আনন্দে। সেসব কথা এখন মনে পড়ছে।" "তার জন্মদিনে আরো বৈচিত্র থাকা উচিত। তিনি সারা জীবনই সংগ্রাম করে গেছেন সাম্যের জন্য." বলেন খিলখিল কাজী। খিলখিল কবিকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ারও দাবি জানান। ভারত থেকে আসা কবির নাতি অরিন্দম কাজী সাংবাদিকদের বলেন, ''আমি ভারতে থাকি। আমরা চাই, এপার বাংলায় কবি নজরুল ইসলামকে যথাযথভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হোক। শুধুমাত্র অনুষ্ঠান আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে গবেষণা করে তার কর্মের মূল্যায়ন করা হোক।'' সকালের দিকে আরও যেসব সংগঠন ও প্রতিষ্ঠান কবির কবরে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছে তার মধ্যে রয়েছে নজরুল একাডেমী, বাংলা একাডেমী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্র, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, উদীচী, বুলবুল ললিতকলা একাডেমী, বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিএনপি, আওয়ামী লীগ, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল। সকালের দিকে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। এছাড়া জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে বিকেল চারটায় গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাগরণের পক্ষ থেকে সন্ধ্যা পৌনে সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠান। ১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন নজরুল ইসলাম। চরম দারিদ্র্যসহ বহু বাধা অতিক্রম করে একসময় তিনি বাংলা সাহিত্যের অন্যতম প্রধান পুরুষ হয়ে ওঠেন। সাম্য ও মানবতার চেতনায় সমৃদ্ধ ছিল তার লেখনী। কবিতায় বিদ্রোহী সুরের জন্য তার পরিচিতি হয়ে ওঠে বিদ্রোহী কবি। সত্তরের দশকে অসুস্থ অবস্থায় কবিকে ভারত থেকে সরকারি উদ্যোগে বাংলাদেশে নিয়ে আসা হয়। এদেশেই তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএম/টিআর/১৮৩০ ঘ.