২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেন আসলাম ও তিন সহযোগীর ১৭ বছর কারাদণ্ড

অবৈধ অস্ত্র ও গুলি রাখার অভিযোগে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ও তার তিন সহযোগীকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে ঢাকা মহানগর সাত নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মতিয়ার রহমান জনাকীর্ণ আদালতে এ দণ্ডাদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 05:44 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবৈধ অস্ত্র ও গুলি রাখার অভিযোগে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ও তার তিন সহযোগীকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে ঢাকা মহানগর সাত নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মতিয়ার রহমান জনাকীর্ণ আদালতে এ দণ্ডাদেশ দেন। সুইডেন আসলামের সঙ্গে দণ্ডপ্রাপ্ত অপর তিন সহযোগী হচ্ছে আবু তাহের তরু, হাসান ইমাম ও বাবু ওরফে বাবুল। এদের মধ্যে তরু ও হাসান পলাতক রয়েছে। মামলার বিবরণে জানা যায়, গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. মতিউর রহমান ১৯৯৭ সালে ডিওএইচএস-এর ৪নং রোডে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি সুইডেন আসলামকে গ্রেপ্তার করেন। ওই সময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। সেইসঙ্গে গ্রেপ্তার করা হয় সুইডেন আসলামের সহযোগী বাবু ওরফে বাবুলকেও। দণ্ডিত অপর দু'জন পালিয়ে যায়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি মুহাম্মদ মুক্তার হোসেন সুজন। সুইডেন আসলাম গ্রেপ্তার হওয়ার পর এ পর্যন্ত তার বিরুদ্ধে ১৬টি মামলা হয়েছে। এর মধ্যে অস্ত্র মামলা ৪টি এবং হত্যা মামলা ৬টি। তিনটি মামলায় এর আগে সুইডেন আসলামের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২৩৪৫ ঘ.