২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামসুজ্জামান খান বাংলা একাডেমীর নতুন মহাপরিচালক

বাংলা একাডেমীর নতুন মহাপরিচালক হলেন শামসুজ্জামান খান। রোববার তাকে ওই পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। এ নিয়োগ যোগ দেওয়ার তারিখ থেকে কার্যকর হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 04:14 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা একাডেমীর নতুন মহাপরিচালক হলেন শামসুজ্জামান খান। রোববার তাকে ওই পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। এ নিয়োগ যোগ দেওয়ার তারিখ থেকে কার্যকর হবে। এছাড়াও সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে রোববার আরো বেশ কিছু পদে রদবদল ও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ঢাকা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজির চলতি দায়িত্বে নিয়োজিত বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা মোজাম্মেল হোসেনকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কমিউনিটি ক্লিনিক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে একই মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব ডা. মাখদুমা নার্গিসকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অতিরিক্ত সচিবের পদমর্যাদায় দুই বছর মেয়াদে ওই পদে নিয়োজিত থাকবেন। সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত গোলাম কিবরিয়া খান চৌধুরীকে তিন বছরের জন্য বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক পদে নিয়োজিত উপ-সচিব আবু সাদেককে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলী এবং বিনিয়োগ বোর্ডের বৈদেশিক নিয়োগ শাখার পরিচালক পদে নিয়োজিত উপ-সচিব মামদুদ হোসেন আলমগীরকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২২২০ঘ.