২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো চট্টগ্রামের জমজমাট ল্যাপটপ মেলা

ক্রেতাদের মধ্যেব্যাপক আগ্রহ সৃষ্টির মধ্য দিয়ে চট্টগ্রামে শেষ হয়েছে তিনদিনের ল্যাপটপ ফেয়ার। নামী ব্র্যান্ডের আকর্ষণীয় ছাড় এবং প্রথমবারের মতো মেলা থেকে ব্যাংক ঋণের ব্যবস্থায় ল্যাপটপ কেনার সুযোগ ছিল এবারের মেলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 02:20 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

চট্টগ্রাম, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ক্রেতাদের মধ্যেব্যাপক আগ্রহ সৃষ্টির মধ্য দিয়ে চট্টগ্রামে শেষ হয়েছে তিনদিনের ল্যাপটপ ফেয়ার। নামী ব্র্যান্ডের আকর্ষণীয় ছাড় এবং প্রথমবারের মতো মেলা থেকে ব্যাংক ঋণের ব্যবস্থায় ল্যাপটপ কেনার সুযোগ ছিল এবারের মেলায়। রোববার রাতে নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ল্যাপটপ ফেয়ারের সমাপ্তি হয়। মেলায় না কিনলেও ল্যাপটপ পছন্দ করে বুকিংয়ের সুযোগ নিয়েছেন অনেক দর্শনার্থী। আয়োজক ও মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার মেলায় সর্বনিম্ন ও মাঝারি দামের ল্যাপটপ বিক্রি হয়েছে বেশি। ব্যবসায়ীরা মেলায় দর্শনার্থীদের আগমন ও ল্যাপটপ বিক্রিতে তারা খুশি। স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) মুজাহিদ আলবেরুনী সাংবাদিকদের জানান, ছাত্র ও চাকরিজীবী এই দুই শ্রেণীই বেশি ল্যাপটপ কিনেছেন। এছাড়া অনেকেই আগাম বুকিং দিয়ে রেখেছেন বলে উল্লেখ করে তিনি বলেন, যারা বুকিং দিয়েছেন তাদের মেলার পরও ছাড়কৃত মূল্যে ল্যাপটপ দেওয়া হবে। মেলার দশটি স্টল ও আটটি প্যাভিলিয়নে কম্প্যাক, অ্যাপল, হাসি, ফুজিৎসু, ডেল, এইচপি, গিগাবাইট, আসুস, লেনেভো, তোশিবা, এসার, গ্রেট ওয়াল, পশ-বুক, ডিলাক্স এবং বেনকিউসহ নানা ব্র্যান্ডের ল্যাপটপ প্রদর্শনী ও বিক্রি হয়। আসুসের কান্ট্রি ডিরেক্টর মহিউদ্দিনকে খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রামের ছাত্র-শিক্ষক-ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ তথ্য প্রযুক্তির প্রতি বেশি করে আগ্রহী হয়ে উঠছেন। মেলায় এসব পেশার দর্শক-ক্রেতার ব্যাপক উপস্থিতি এটাই প্রমাণ করে।" রোববার মেলায় ব্যাংক এশিয়া আয়োজিত লটারিতে অংশ নিয়ে ল্যাপটপ কম্পিউটার জিতে নিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজমুল আহসান। এছাড়া আগেরদিন শনিবার আয়োজকদের গেইম কুইজে অংশ নিয়ে মাত্র ১০০ টাকায় ল্যাপটপ জিতে নেন মহসিন কলেজের ছাত্র ইমরুল হাসান। মেলার আয়োজক প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশনের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেলায় এবার ল্যাপটপ বিক্রি ও দর্শক সমাগমে রেকর্ড হয়েছে। ব্যাংক ঋণের মাধ্যমে ল্যাপটপ বিক্রি ও আকর্ষণীয় ছাড়ের সুযোগ দেওয়ায় এত সাড়া পাওয়া যায় বলে তার ধারণা। চট্টগ্রামে এটি ছিল দ্বিতীয় ল্যাপটপ মেলা। বেনকিউ, আসুস এবং পশ-বুক এবারের মেলা স্পন্সর করে। মিডিয়া পার্টনার হিসেবে ছিল 'বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম' এবং 'দৈনিক আজাদী'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২০২৪ঘ.