ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে আলোচনা করেই জোট সরকারের আমলে টেলিযোগাযোগ খাতের কথিত অনিয়ম ও সিমেন্সের কাছ থেকে নেওয়া ঘুষের অর্থের গন্তব্য খতিয়ে দেখতে কমিটি গঠন করবে সরকার।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে আলোচনা করেই মন্ত্রণালয় ওই কমিটি গঠন করবে।
তিনি জানান, জুন মাসের প্রথম দিকে সংসদীয় কমিটির বৈঠক আছে। ওই বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার সাংবাদিকদের প্রশ্বের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানিয়েছিলেন বিগত জোট সরকারের আমলের টেলিযোগাযোগ খাতের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করবে সরকার। একই সঙ্গে বিদেশী কোম্পানীর কাছ থেকে ঘুষ হিসেবে আদায় করা অর্থ জঙ্গী কার্যক্রমে ব্যয় করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটে ১১ মে সিমেন্সের কাছ থেকে ঘুষ গ্রহণ ও জঙ্গি কার্যক্রমে অর্থায়ন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২২৫৯ঘ.
bdnews24