ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলমান বিশ্ব অর্থনৈতিক মন্দা বাংলাদেশে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান।
বিশ্ব মন্দা নিয়ে দেশের সুশীল সমাজ ও একটি মহল ভীতিকর অবস্থার সৃষ্টি করছে বলে তিনি অভিযোগ করেন।
গুলশান ক্লাবে শনিবার বিকালে 'বৈশ্বিক মন্দা ও বাংলাদেশ: কারণ, প্রভাব ও সমাধান' শীর্ষক এক সেমিনারে আবদুল মান্নান এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "বিশ্ব মন্দার কারণ খুঁজে না দেখে সবাই ফলাফল নিয়ে কথা বলছে।"
বিশ্ব ব্যাংক ও আইএমএফ-এর সমালোচনা করে তিনি বলেন, "তারা এক হাতে টাকা দেয়, অন্য হাতে তা তুলে নেয়। এদের কারণে ভিক্ষুক থেকে ভিক্ষুকের চেয়ে খারাপ অবস্থার সৃষ্টি হয়।"
প্রতিমন্ত্রী জানান, বিশ্ব ব্যাংক ও আইএমএফ-এর পরামর্শ না শুনে সরকার কৃষিখাতে 'প্রণোদনা প্যাকেজ' ঘোষণা করেছে। এতে কৃষি নির্ভর অর্থনীতি মজবুত হওয়ায় বিশ্ব মন্দার কোনো প্রভাব পড়বে না।
সেমিনারে কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর খন্দকার ইব্রাহিস খালেদ বলেন, চলমান বিশ্ব মন্দায় দেশে তেমন কোনো প্রভাব পড়বে না।
তবে সাংসদ নাজমুল হাসান বলেন, "বিশ্ব মন্দা মোকাবেলায় সব দিক বিবেচনা করে সরকার পরিকল্পিত ব্যবস্থা নিচ্ছে।"
ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিন্সট্রেশন (আইবিএ) এলামনাই এসোসিয়েশন আয়োজিত সেমিনারে আরও বক্তব্য রাখেন সৈয়দ নাসিম মনজুর, মৃদুল চৌধুরী, রফিকুল ইসলাম , আসিফ এম তৌহিদ, কাজী এম আহমেদ প্রমুখ।
মূল প্রবন্ধ পাঠ করেন ইফতি ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিআর/২৩৪৬ ঘ.
bdnews24