২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ইতালি প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে খুন

রাজধানীর কদমতলী থানা এলাকায় শনিবার এক ইতালি প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে খুন করেছে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা। নিহত হোসনে আরা বেগমের (২৬) লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তার স্বামী আতাউর রহমান তালুকদার ইতালী প্রবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2009, 04:37 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজধানীর কদমতলী থানা এলাকায় শনিবার এক ইতালি প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে খুন করেছে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা। নিহত হোসনে আরা বেগমের (২৬) লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তার স্বামী আতাউর রহমান তালুকদার ইতালী প্রবাসী। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার দিকে মেরাজনগরের (ব্লক ডি) হাজী সালাউদ্দিন রোডের একটি টিনশেড বাসায় দুর্বৃত্তরা এক মহিলাকে কুপিয়ে হত্যা করেছে। হত্যার কারণ জানা যায়নি। নিহতের বাবা আব্দুল হাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় তিনি মাগরিবের নামাজ আদায়ের জন্য মসজিদে গিয়েছিলেন। তখন এ ঘটনা ঘটে। বাসায় এসে রক্তাক্ত অবস্থায় তিনি হোসনে আরাকে দেখতে পান। এরপরই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান। আব্দুল হাই বলেন, আশপাশের লোকজন তাকে জানিয়েছেন একটি মাইক্রোবাসে করে এসে কয়েকজন দুর্বৃত্ত বাসার ফটকেই হোসনে আরাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় বাসায় আশ্রিত সাত বছরের ভাগ্নি হেনাকেও দুর্বৃত্তরা তুলে নিয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন। তবে শিশু অপহরণের বিষয়ে পুলিশ কিছু জানে না বলে জানিয়েছেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। নিহতের বাবা জানান, বৃহস্পতিবারই টিনশেড এ বাসার নির্মাণ কাজ শেষ হয়। মেয়ের টাকায় তিনি তার তত্ত্বাবধানে সাত কক্ষের এ বাসাটি তৈরি করেন। গত দু'মাস আগে তারা বাসায় ওঠেন। ঘটনার সময় বাসায় ছিল নিহতের ছেলে আসিফ (৭) ও আশ্রিত ভাগ্নি হেনা (৮)। সন্ত্রাসীরা আসিফকেও ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সে দৌড়ে পালিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন। ঘটনার কারণ সম্পর্কে আব্দুল হাই কোনো কিছুই বলতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/২২৪৫ ঘ.