ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসীদের গুলিতে আহত যুবলীগ নেতা মঞ্জুরুল ইসলাম রিংকু একটি বেসরকারি হাসপাতালে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ৯ মে সন্ধ্যার পর মোহাম্মদপুর থানা এলাকার ২০/৪ নম্বর বাবর রোডের বাসার সামনে সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে গুলশানে ইউনাইটেড মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে শনিবার ভোরে তিনি মারা যান বলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবীর জানান।
পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জুয়েল এবং মানিক নামের দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিআর/১৯১০ ঘ.
bdnews24