ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বললেন, সঞ্চালন লাইনের অভাবে উৎপাদিত হলেও বিভিন্ন জায়গায় বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না।
শনিবার দুপুরে রাজধানীর ইনস্টিটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিদ্যুৎ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
পিজিসিবি (পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ) ডিপ্লোমা প্রকৌশলী সমিতি 'মানসম্পন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সঞ্চালন নিশ্চিতকরণ' শীর্ষক এ আলোচনার আয়োজন করে।
প্রতিমন্ত্রী এতে বলেন, "ক্ষমতা গ্রহণের শুরুতে আমরা বলেছিলাম জুলাইয়ের মধ্যে ৭৪১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। ইতোমধ্যে ৭৪১ মেগাওয়াট পেরিয়ে গেছে। কিন্তু সঞ্চালন লাইনের অভাবে উৎপাদিত বিদ্যুৎ বিভিন্ন জায়গায় দিতে পারছি না।"
তিনি আরও বলেন, "আমি ৩২ শ' মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে কাজ শুরু করেছিলাম। বর্তমানে উৎপাদন হচ্ছে ৪১৬২ মেগাওয়াট।"
উৎপাদন প্রতিদিন ৩৭ থেকে ৩৮ শ' মেগাওয়াটের নিচে নামে না বলেও দাবি করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
আঞ্চলিক পর্যায়ে সরকারের বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথা জানান শামসুল হক টুকু। 'বিভিন্ন কারণে' গ্যাস ও কয়লা উত্তোলন করা না যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সাংসদ হাসানুল হক ইনু, পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মো.রুহুল আমিন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক আ ব ম হারুন অর রশীদ, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি এম আর খায়রুল ইমাম, পিজিসিবি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক মো. রেহান মিয়া রায়হান প্রমুখ।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এমএ/এএল/এসকে/১৮৩৩ঘ.
bdnews24