বেনাপোল, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের ঝিকরগাছা উপজেলায় শুক্রবার রাতে সন্ত্রাসী হামলায় দুইজন নিহত হয়েছে।
নিহতরা হচ্ছেন- নির্বাস খোলা ইউনিয়নের কানাইরালী গ্রামের সেকেন্দার আলীর ছেলে আনসার আলী (৫০) এবং সাদিপুর গ্রামের মৃত সিদ্দিক হোসেনের ছেলে রুহুল আমীন (৪০)। তাদের লাশ যশোর সদর হাসপতালের মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে শিওরদা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১১টার দিকে শিওরদা গ্রাম থেকে মটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন আনসার আলী ও রুহুল আমীন। আনসার আলীকে তার বাড়িতে নামিয়ে দেওয়ার জন্য কানাইরালী গ্রামে যাচ্ছিলেন তারা। কানাইরালী গ্রামের মোড়ের কাছে পৌঁছানোর পরপর তাদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এসআই মিজানুর বলেন, "এ সময় পর পর পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটে। তখন তারা মটর সাইকেল থেকে পড়ে যান এবং সন্ত্রাসীরা জবাই করে তাদের মৃত্যু নিশ্চিত করে।"
রুহুল আমীনের ভাই সিরাজুল ইসলামকে ১৯৯৭ সালের ১২ মে হত্যা করে সন্ত্রাসীরা। এর আগে ১৯৭৩ সালে তাদের বাবা সিদ্দিক হোসেন খুন হন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছিলেন রুহুল আমীন।
এ হত্যাকাণ্ড সম্পর্কে আর কোনো বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। এছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে শনিবার বেলা ১২টা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এইচএ/১৩২০ঘ.
bdnews24