২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সকল স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: পর্যটন মন্ত্রী

দেশের সকল স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা নিশ্চিত করতে খুব শিগগিরই চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জিএম কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2009, 04:12 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

সুনামগঞ্জ, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের সকল স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা নিশ্চিত করতে খুব শিগগিরই চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জিএম কাদের। তিনি বলেন, "খাদ্য, শিক্ষা ও বাসস্থান নিশ্চিত করার জন্যও সরকার কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে অভাবী মানুষের মধ্যে টেস্ট রিলিফ (টিআর) এবং মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে।" শুক্রবার দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, "সরকারি দলের পরিচয় দিয়ে প্রথম দিকে কোথাও কোথাও সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানি করলেও সরকার তা কঠোর হাতে তা দমন করেছে।" লায়ন শেখ তোফায়েল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইকবাল খান চৌধুরী, সাবেক অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক চৌধুরী কামরুল আহসান প্রমুখ বক্তব্য রাখেন। এরপর মন্ত্রী মথুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে শেখ আতাহার আলী মেমোরিয়াল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১২ ঘ.