কুষ্টিয়া, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় জেলা পশুসম্পদ কার্যালয়ে বৃহস্পতিবার রাতে বোমা ফাটিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তারা গুলিও ছোড়ে।
এ ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ (২২) নামের একজনকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। মাসুদ শহরের হাউজিং এলাকার মনিরুল ইসলামের ছেলে।
কুষ্টিয়া সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার বাবুল উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে। আতংক সৃষ্টি করতে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে তিন সন্ত্রাসী পশুসম্পদ কার্যালয়ের সীমানায় প্রবেশ করে পরপর দুটি বোমা ফাটায় এবং এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় কার্যালয়ে কেউ ছিল না।
এ ব্যাপারে রাতেই থানায় মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫৬ ঘ.
bdnews24