২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিকে থাকতে নানা উপায় নিয়ে ভাবা হচ্ছে: বাংলালিংক

প্রতিযোগিতায় টিকে থাকার কৌশল হিসেবে বিভিন্ন উপায় পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেছেন, এরমধ্যে একীভূত হওয়া একটি উপায়। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির সিইও আহমেদ আবু দোম এক বিবৃতিতে একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 05:54 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিযোগিতায় টিকে থাকার কৌশল হিসেবে বিভিন্ন উপায় পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেছেন, এরমধ্যে একীভূত হওয়া একটি উপায়। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির সিইও আহমেদ আবু দোম এক বিবৃতিতে একথা জানান। গত মঙ্গলবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে একটেল ও বাংলালিংক একীভূত হওয়ার সম্ভাবনার বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। এর দু'দিনের মাথায় বৃহস্পতিবার বাংলালিংকের পক্ষ থেকে অপারেটরটির সিইও এর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেল। বাংলালিংক সিইও বলেন, "বাংলাদেশের মতো ছোট বাজারে অনেকগুলো মোবাইল অপারেটর রয়েছে। বিশ্বের বিভিন্ন উন্নত ও উন্নয়নশীল দেশে যেখানে দুই থেকে তিনটির বেশি অপারেটর নেই, সেখানে বাংলাদেশে ছয়টি অপারেটর। বাজারের শীর্ষ অপারেটর ছাড়া বাকিদের লোকসান গুণতে হচ্ছে।" একীভূত হওয়ার সম্ভাবনার বিষয়ে আহমেদ আবু দোম বলেন, "প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এবং প্রবৃদ্ধির লক্ষমাত্রা অর্জন করতে গিয়ে আমরা বিভিন্ন কৌশল নিয়ে ভাবছি। একীভূত হওয়ার বিষয়টি এগুলোর মধ্যে একটি উপায়।" সমন্বিত প্রয়াস লাভজনক হলেই কেবল এমনটি করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। বাংলালিংক সিইও বলেন, "মূলত এটি নির্ভর করছে দক্ষতার সঙ্গে সম্পদের ব্যাবহারের ওপর। বিশেষ করে অবকাঠামো, ক্রয় ও বিপণনের দিকে নজর দিতে হবে। এ পর্যায়ে সম্ভাব্য সবগুলো পছন্দ খতিয়ে দেখা হচ্ছে।" কর্মী ছাটাইয়ের সম্ভাবনা নাকচ করে দিয়ে আবু দোমা বলেন, "একীভূত হওয়ার ফলে একটি বৃহৎ এবং শক্তিশালী সত্ত্বার সৃষ্টি হয় যা তার শ্রম শক্তিকে কাজে লাগাতে পারে এবং তাদের স্বার্থ রক্ষা করতে পারে।" এদিকে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) বাংলালিংক ও একটেলের একীভূত হওয়ার প্রস্তাব এখন পর্যন্ত পায়নি । এ বিষয়ে একটেলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কিছুই জানেন না বলে জানান। বিটিআরসির তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলালিংকের গ্রাহক সংখ্যা ১ কোটি ১৯ লাখ। আর একটেলের গ্রাহক সংখ্যা ৮৭ লাখ। সবচেয়ে বেশি গ্রাহক গ্রামীণফোনের, ২ কোটি ২০ লাখ। এটি দেশের সব অপারেটরের মোট গ্রাহকের ৪৬ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এসকে/২৩৩৫ঘ.