ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এনডব্লিওডি কলরেট তুলে দিচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
সারাদেশে প্রতি মিনিট ৩০ পয়সার ফ্ল্যাট কলরেট চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি মালিকানাধীন এ টেলিফোন কোম্পানি।
বিটিসিএল এর এক কর্মকর্তা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবারের বোর্ড সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়েছে। ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে। এ জন্য বিটিসিএলকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের অনুমোদন নিতে হবে।
এছাড়াও বৈঠকে উপজেলা পর্যায়ে তিন মাস কোনও ধরনের ফি ছাড়াই সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ সুবিধা দেওয়া হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।
বিটিসিএল এর নতুন কলরেট চালু হলে এনডব্লিওডি কল রেট কমে এলেও স্থানীয় কলরেট বেড়ে যাবে। বিটিসিএল থেকে অন্য অপারেটরে কল করার ক্ষেত্রে বিল হবে ৪৮ পয়সা।
বর্তমান কলরেট অনুসারে স্থানীয় কলের ক্ষেত্রে একজন গ্রাহক অফপিক আওয়ারে প্রতি মিনিট ১০ পয়সায় কথা বলতে পারেন।
পিক আওয়ারের কলরেট হচ্ছে প্রতি মিনিট ১৫ পয়সা। এক জেলা থেকে অন্য জেলায় (এনডব্লিওডি) কথা বলতে পিক আওয়ারের জন্য কলরেট হচ্ছে ১ টাকা প্রতি মিনিট। অফপিক আওয়ারে প্রতি মিনিট ৭০ পয়সা। সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পিক আওয়ার হিসাব করা হয়।
বিটিসিএল থেকে বেসরকারি ল্যান্ড ফোন অপারেটরদের (পিএসটিএন) সঙ্গে কথা বলতে পিক আওয়ারে প্রতি মিনিটে দিতে হয় ৮০ পয়সা। অফপিক আওয়ারে প্রতি মিনিট ৭০ পয়সা। বিটিটিবি থেকে মোবাইল ফোনে কথা বলতে পিক আওয়ারে ১ টাকা প্রতি মিনিট। অফপিকে ৭০ পয়সা প্রতি মিনিট।
বর্তমানে বিটিসিএল এর গ্রাহক সংখ্যা প্রায় ৮ লাখ ৭২ হাজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২৩২২ঘ.
bdnews24