ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবিতে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে 'প্রতিবাদ বন্ধন' পালন করেছে সিলেট বিভাগ উন্নয়ন ছাত্র সংগ্রাম পরিষদ।
মানব বন্ধনের পর ঘোষণা করা হয়, আগামী ২৫ মে পররাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে স্মারকলিপি দেওয়া হবে।
কর্মসূচি পালনের পর সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়।
স্মারকলিপিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, টিপাইমুখ বাঁধ নির্মাণ করা হলে সিলেট বিভাগ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, নেত্রকোনা, ময়মনসিংহ ও তার পার্শ্ববর্তী এলাকা বিরানভূমিতে পরিণত হবে। এতে সিলেটে ভূমিকম্পের আশঙ্কাও বাড়বে। এ বাঁধ নির্মাণ বন্ধের জন্য সরকারকে ভারতের কাছে প্রতিবাদ জানানোর দাবি জানানো হয়।
প্রতিবাদ বন্ধনের পর টিএসসি'র সড়ক দ্বীপে সংগঠনটি মানববন্ধনও করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯৩০ঘ.
bdnews24