শরীয়তপুর, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে আইন করার বিষয়ে কমিশন চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
তিনি বলেন, "জাতীয় সংসদের উপ-নির্বাচনের আগে স্পিকারকে চিঠি দিয়ে অনুরোধ করেছিলাম কোন সাংসদ, মন্ত্রী যেন নির্বাচনী এলাকা সফর না করেন। কেউ কেউ অনুরোধ রাখলেও অনেকেই রাখেননি।"
বৃহস্পতিবার সকাল ১০ টায় শরীয়তপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সিইসি এ কথা বলেন।
তিনি বলেন, "নির্বাচনী আইন আরও সংস্কার করা হবে। আমরা এককভাবে কোনো কিছু করতে চাই না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কারের বিষয়টি ঠিক করা হবে।"
সিইসি জানান, ডিসেম্বরে মধ্যে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার সম্ভাবনা রয়েছে। সারা দেশে একদিনে নির্বাচন হবে না। বিভাগ ওয়ারী নির্বাচন হবে, যাতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা যায়।
উপজেলা নির্বাচনে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "সারাদেশে প্রায় সব উপজেলায় একদিনে নির্বাচন হয়েছে। সে ক্ষেত্রে কিছু অনিয়ম তো হতে পারে। তবে যেখানেই অনিয়মের অভিযোগ পেয়েছি আমরা সেখানেই বিচার বিভাগীয় তদন্ত করেছি।"
সিইসি বলেন, "কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। বর্তমানে সরকারের অধীনে ইতোমধ্যে কয়েকটি সংসদীয় আসনে উপ-নির্বাচন ও উপজেলা নির্বাচন অনুষ্ঠানের অভিজ্ঞতা নির্বাচন কমিশনারের হয়েছে।"
মতবিনিময়ের সময় তার সঙ্গে ছিলেন- ঢাকা বিভাগের উপ-নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ আনিছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) স্বপন কুমার বড়াল, পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আফজাল হোসেন প্রমুখ।
পরে জেলা সদর ও জেলার সবগুলো উপজেলায় প্রস্তাবিত কম্পিউটার সার্ভার স্টেশনের স্থান পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৭ ঘ.
bdnews24