২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ

বাংলাদেশকে প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য যোগাযোগ মন্ত্রণালয় তিনটি রুট বিবেচনা করছে। মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 10:12 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশকে প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য যোগাযোগ মন্ত্রণালয় তিনটি রুট বিবেচনা করছে। মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। যোগাযোগ মন্ত্রণালয়ে বৃহস্পতিবার এক বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। সভা শেষে তিনি সাংবাদিকদের এ ব্যাপারে সংক্ষিপ্ত ব্রিফিং দেন। এর আগে যোগাযোগ মন্ত্রীর সভাপতিত্বে ওই সভায় সড়ক ও রেলপথ বিভাগের সচিব এএসএম আলী কবীরসহ পররাষ্ট্র, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়, বহিঃসম্পর্ক বিভাগ (ইআরডি) এবং সড়ক ও রেলপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের জানান, এতদিন সিদ্ধান্তহীনতার কারণে এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে কোন ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের প্রস্তাবনাটি মন্ত্রিসভায় অনুমোদনের পর তা জাতিসংঘের ইকোনমিক অ্যাণ্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যাণ্ড দি প্যাসিফিক (এসকাপ)-এ পাঠানো হবে। তিনি বলেন, এসকাপের অনুমোদন পেলেই বাংলাদেশ এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হবে। কিন্তু এব্যাপারে বাংলাদেশের বিলম্বে সিদ্ধান্ত নেওয়াটা ভুল ছিল। দেশের স্বার্থেই এটি করা উচিৎ ছিল। কারণ, বাংলাদেশকে এশিয়ান হাইওয়ে থেকে বাদ দেওয়া হলে আমরা সবই হারাতাম। প্রস্তাবিত তিনটি রুট সম্পর্কে মন্ত্রী জানান, বাংলাদেশ এব্যাপারে এসকাপের কাছে প্রস্তাব পাঠাবে। তারাই এশিয়ান হাইওয়েতে বাংলাদেশের জন্য রুট নির্ধারণ করবে। তবে বাংলাদেশ এএইচ-১, এএইচ-২ ও এএইচ-৪১ নিয়ে আলোচনা করছে। এদের মধ্যে এএইচ-৪১ হচ্ছে আঞ্চলিক রুট। বাকী দুটি রুটের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ২৭টি দেশের সঙ্গে যুক্ত হবে। এএইচ-১ রুটে সিলেটের তামাবিল থেকে সিলেট, কাঁচপুর, ঢাকা, যশোর ও বেনাপোল পর্যন্ত ৪৯৫ কিলোমিটার, এএইচ-২ রুটে পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে সিরাজগঞ্জের হাতি-কামরুল, ঢাকা, কাঁচপুর হয়ে সিলেটের তামাবিল পর্যন্ত ৮০৫ কিলোমিটার এবং এএইচ-৪১ রুটে বাগেরহাটের মংলা থেকে যশোর, ঢাকা হয়ে কক্সবাজারের টেকনাফ হয়ে মিয়ানমার পর্যন্ত ৭৫২ কিলোমিটার সড়ক এর অন্তর্ভুক্ত হবে। এর মধ্যে বেশ কিছু সড়ক উভয় রুটেই অন্তর্ভুক্ত থাকবে। এশিয়ান হাইওয়েতে যুক্ত হলে বাংলাদেশের জন্য কী সুফল আসবে- এ প্রশ্নের জবাবে আবুল হোসেন বলেন, বিশ্বের ২৭টি দেশের সঙ্গে বাংলাদেশ যুক্ত হবে। এরমধ্যে রয়েছে জাপান, কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল, ফিলিপাইন, চীন, আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, ভুটান, জর্জিয়া, ইরান, কাজাকিস্তান, লাওস, মালয়েশিয়া। এশিয়ান হাইওয়েতে যুক্ত হতে প্রয়োজনীয় আর্থিক ব্যয় সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এসব রুটে ইতোমধ্যেই বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে। পুরোনো সড়ক সংস্কার করে হাইওয়েতে যুক্ত করা হবে। এজন্য যে অর্থের প্রয়োজন হবে তা এসকাপ ও বাংলাদেশের যৌথ-তহবিল থেকে আসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯১৫ ঘ.