ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে গঠিত সরকারি কমিটি বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
কমিটির প্রধান আনিস-উজ-জামান বিকেল চারটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেন। কমিটির সদস্যরা তার সঙ্গে ছিলেন।
পরে তিনি সাংবাদিকদের এক ব্রিফিঙয়ে বলেন," সত্য ও নিরপেক্ষভাবে প্রতিবেদন তৈরী করেছি। নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা এ গুরুদায়িত্ব পালন করেছি।"
আনিস-উজ-জামান তাকে সহযোগিতার জন্য কমিটির সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রতিবেদন গ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, "এখনো প্রতিবেদনটি পড়ে দেখিনি। তাই এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।
তবে শিগগিরই প্রতিবেদনটি জনসমক্ষে প্রকাশ করা হবে।"
২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে ২৬ ফেব্র"য়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ওই সরকারি কমিটি গঠন করা হয়। পরে ২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আনিস-উজ-জামানকে প্রধান করে কমিটি পুনর্গঠন করে সরকার।
এ পর্যন্ত তিন দফা এই প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয়। কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বশেষ গত ৩০ মার্চ সময় বাড়ায় সরকার। সে অনুযায়ী ১২ মে প্রতিবেদন জমা দেওয়ার শেষদিন ছিল।
৩ মার্চ তদন্ত শুরু করে ৯ মার্চ এ কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও প্রথম দফায় সাত কার্যদিবস সময় বাড়ানো হয়। ২৩ মার্চ প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন আবারো সময় বাড়ানো হয় চার কার্য দিবস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এইচএ/১৬৫০ ঘ.
bdnews24