ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যুদ্ধাপরাধীদের বিচারে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার।
বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য বিশেষজ্ঞদের মতামত চেয়ে আইন কমিশনে তা পাঠানো হয়েছে।"
আইনমন্ত্রী বলেন, "এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধনীর পরই যুদ্ধাপরাদীদের বিচারে বাস্তব পদক্ষেপ নেওয়া হবে। তবে যুদ্ধাপরাধের ঘটনার তদন্তের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো রাজনৈতিক দল যদি যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করে, তাহলে ধরে নিতে হবে ঐ দলে যুদ্ধাপরাধী রয়েছে। আমরা কোনো রাজনৈতিক দলের প্রধান বা তার সদস্যদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনছি না। আমরা প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নিচ্ছি।
নিম্ন আদালতে দেলওয়ার হোসেন সাঈদির মামলা ও তার আইনজীবীর বক্তব্য প্রসঙ্গে শফিক আহমেদ জানান, যখন তদন্ত শুরু হবে, তখনই বোঝা যাবে কে কোন অপরাধ করেছে। এখন যদি কেউ নিজের পক্ষে সাফাই গাইতে চায় তাহলে বলার কিছু নেই। তবে বিষয়টি 'ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না'র মতো।
বিচারের প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে বিলম্ব প্রসঙ্গে তিনি বলেন, আমরা আগেই বলেছি এখনো বলছি '৭১ এ যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে তাদের বিচার করা হবে। এজন্য জনগণ আমাদের ম্যাণ্ডেটও দিয়েছে। ট্রাইব্যুনালের জন্য অফিস রেজিস্ট্রার, বেঞ্চ ক্লার্কসহ বিভিন্ন পর্যায়ে সহায়ক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয় আছে। এজন্যই একটু সময় নিচ্ছি।
তদন্ত সংস্থা ও আইনজীবী নিয়োগের কাজ অনেকটা এগিয়েছে বলে মন্ত্রী জানান।
যুদ্ধাপরাধীদের বিচার ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার- এ দুটোর মধ্যে সরকার কোনটাকে অগ্রাধিকার দিচ্ছে- এই প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকারের কাছে দুটো ঘটনাই গুরুত্বপূর্ণ। এই দুটিকে এক করে দেখার সুযোগ নেই। তবে পিলখানার ঘটনায় বিভিন্ন সংস্থার তদন্ত এখনো শেষ হয়নি। এই রিপোর্টগুলো পাওয়া গেলেই বিচার প্রক্রিয়া শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এইচএ/১৭১০ ঘ.
bdnews24