বান্দরবান, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের লামায় আটক দুই মিয়ানমার নাগরিককে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে স্থানীয় জনতা শৈম্রাচিং ময় (৩৫) ও আপেলু খুমী (৩৫) নামের এ দু'জনকে আটক করে বিডিআর ক্যাম্পে সোপর্দ করে।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি কাটা রাইফেল উদ্ধার করা হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিডিআর তাদের লামা থানা পুলিশের কাছে সোপর্দ করে।
তিনি বলেন, "আটককৃতরা তাদের বাড়ি মিয়ানমারের বুচিডং এলাকায় বলে জানিয়েছে। লামা থানার উপ-পরিদর্শক ফারুক আহমদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে লামা থানায় অস্ত্র এবং অবৈধ অনুপ্রবেশের অপরাধে দু'টি পৃথক মামলা করেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩০ ঘ.
bdnews24