২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিপণ্যের নায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে: অর্থমন্ত্রী

ধান ও চালের দাম কমে যাওয়ায় সৃষ্ট উদ্বেগের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেছেন, কৃষক যাতে নায্যমূল্যে উৎপাদিত পণ্য বিক্রি করতে পারে সে ব্যাপারে সরকার কাজ করে যাচ্ছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 05:38 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ধান ও চালের দাম কমে যাওয়ায় সৃষ্ট উদ্বেগের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেছেন, কৃষক যাতে নায্যমূল্যে উৎপাদিত পণ্য বিক্রি করতে পারে সে ব্যাপারে সরকার কাজ করে যাচ্ছে। বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এফবিসিসিআই ও বেসরকারি টিভি চ্যানেল এনটিভির যৌথ উদ্যোগে আয়োজিত 'কেমন বাজেট চাই' শীর্ষক অনুষ্ঠানে অর্থমন্ত্রী একথা বলেন। টেলি কনফারেন্স পদ্ধতিতে আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রাম, সিলেট ও ধামরাইয়ে স্থাপিত ষ্টুডিও থেকে ব্যবসায়ী,শিল্পপতি,কৃষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আবুল মাল আবদুল মুহিত বলেন, "পণ্য উৎপাদনের জন্য কৃষকদের নানাভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে। উৎপাদিত পণ্যের সঠিক মূল্য দেওয়ার জন্য ধান চালের দাম নির্ধারণসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।" দৃশ্যত সমস্যা কিছুটা স্বীকার করার ইঙ্গিত হিসাবে তিনি বলেন, "প্রশাসনিক দক্ষতার অভাবে সবকিছু ঠিকমতো বাস্তবায়িত হচ্ছে এমন কথা বলা যাবে না।" সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজের এক মন্তব্যের জবাব দিচ্ছিলেন মন্ত্রী। শাইখ সিরাজ বলেন, সরকার মূল্য নির্ধারণ করে দিলেও ওই মূল্যে কৃষক ধান বিক্রি করতে পারছে না। খাদ্যশস্যের দাম কমাতে হলে তিনি কৃষি উপকরণের দাম কমানোর পরামর্শ দেন। বাজেটের পর জিনিসপত্রের দাম না বাড়ার নিশ্চয়তা দেওয়া যায় না মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, "সপ্তম পে কমিশনের সুপারিশের আলোকে নতুন বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা বাড়বে। এর প্রভাব পড়বে বাজারেও।" তবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বাজার প্রভাবিত করা সম্ভব বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, "আমরা সে ব্যবস্থা নিচ্ছি।" বিদ্যুৎ ও জ্বালানি খাতের ওপর জোর দিয়ে অর্থমন্ত্রী বলেন, "বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন না হলে কোনো উন্নয়ন হবে না। বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন না হলে বিনিয়োগ হবে না। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সীমিত আকারে। গ্যাসের সরবরাহ কম। কয়লা পাচ্ছি না।" তিনি বিদ্যুৎ খাতের উন্নয়ন সরকারের অগ্রাধিকারগুলোর একটি উল্লেখ করে বলেন, চলতি প্রকল্পগুলো শেষ হওয়ার আগে এক থেকে দেড় বছরের আগে পরিস্থিতির লক্ষ্যণীয় উন্নতি হবে না। বাজেট বিষয়ক আলোচনাই এ সংলাপের লক্ষ্য হলেও এর বেশিরভাগ জুড়েই ছিল বিদ্যুৎ খাতের সমস্যা। শিল্প উদ্যোক্তারা জোরালোভাবে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের দাবি তুলে ধরে সমস্যা সমাধানে স্বল্প মেয়াদী কিছু ব্যবস্থার প্রস্তাব দেন। এর মধ্যে ছিল ফার্নেস অয়েল ও ডিজেল দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগে জেনারেটর চালিয়ে বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ সমস্যা নিয়ে জোট সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু , সাবেক কৃষিমন্ত্রী বিএনপি নেতা এম কে আনোয়ার ,সাবেক অর্থ উপদেষ্টা এবিএম মীর্জ্জা আজিজুল ইসলাম ও শিল্পপতি সালমান রহমানের মধ্যে উপভোগ্য বিতর্ক হয়। গ্রামীণ অর্থনীতির উন্নয়নের জন্য ব্যাংক সহায়তার কথা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আতিউর রহমান বলেন, "মুদ্রা ও ঋণদান নীতি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে কৃষকরা উপকৃত হয়। ইদানিং সরকারি ব্যাংকগুলো ছাড়াও বেসরকারি ব্যাংকগুলোও কৃষি ঋণের জন্য অনেক অর্থ বরাদ্দ করছে।" গ্রামীণ অর্থনীতির উন্নয়নে আরো পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, "নতুন আমদানিকারকরা যাতে ব্যবসা করতে পারে তার ব্যবস্থা করার জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে। এসএমই খাতে বরাদ্দ বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।" দেবপ্রিয় ভট্টাচার্যও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর জন্য নতুন আমদানিকারকদের জন্য সুযোগ করে দেওয়ার সুপারিশ করেন। তিনি আরও বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে বলেন, টিসিবি কখনো সমগ্র বাজারের বিকল্প হতে পারে না। এফবিসিআিইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান বিদ্যুৎ ও গ্যাস সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি সুপারিশ করেন। বাজেটে দেশীয় পণ্যের উৎপাদন বাড়ানোয় সহায়তা এবং টিসিবিকে শক্তিশালী করার পক্ষে মত দেন অর্থনীতির অধ্যাপক কাজী খলীকুজ্জামান। বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ব্যবসায়ীদের মধ্যে সরকার আস্থা সৃষ্টি করতে পারায় দ্রব্যমূল্য অনেক কমে এসেছে। বর্তমান সরকার বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালন করেন এফবিসিসিআই-এর সভাপতি আনিসুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফ/টিআর/২২৩৫ঘ.