ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদি তাকেসহ ৩৬ জনকে 'যুদ্ধাপরাধী' এবং নির্বাচনে অযোগ্য ঘোষণার আদেশ চেয়ে মামলা দায়েরকারী তিন আইনজীবীর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে ১শ' কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার সকালে ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা দায়ের করেন তিনি।
আদালতের বিচারক এস এম সাইফুল ইসলাম মামলায় সমন ফেরতের তারিখ ধার্য করেছেন আগামী ১৭ জুন।
২০০৮ সালের ১৩ নভেম্বর অ্যাডভোকেট লিটন মিয়া, সাফায়েত হোসেন সজীব, রাজীব আহমেদ ওই ৩৬ জনকে 'যুদ্ধাপরাধী' এবং নির্বাচনে অযোগ্য ঘোষণার আদেশ চেয়ে ঢাকার জেলা জজ আদালতে একটি দেওয়ানী মামলা করেন।
গত ১১ মে ঢাকার নবম সহকারী জজ আদালত তাদেরকে আদালতে হাজির হওয়ার সমন জারি করে। কিন্তু তার দুদনি পর ১৩ মে মামলার তিন বাদি মামলাটি প্রত্যাহারের আবেদন করলে আদালত সমন জারির আদেশ প্রত্যাহার করে নেয়।
ওই মামলার বিবাদি ৩৬ জন হচ্ছেন- গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহীদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান, মাওলানা একেএম ইউসুফ, দেলোয়ার হোসেন সাঈদি, আব্দুল কাদের মোল্লা, দিগন্ত টেলিভিশনের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মীর কাশেম আলী, মাওলানা আবুল কালাম আজাদ (বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে নিয়মিত ইসলাম বিষয়ক অনুষ্ঠান করেন), খাজা খায়রুদ্দীন, মাহমুদ আলী, মো. আব্দুল আলীম, এএসএম সোলায়মান, সালাহউদ্দিন কাদের চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী, জুলমত আলী খান, কাজী কাদের, শাহ্ মোহাম্মদ আজিজুর রহমান, এবিএম খালেক মজুমদার, এএনএম ইউসুফ, একিউএ শফিউল ইসলাম, আব্দুল মতিন, অ্যাডভোকেট মো. আইনউদ্দিন, গোলাম সরোয়ার, মাওলানা আব্দুস সোবাহান, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুর বাছেদ, আব্দুল মতিন ভূঁইয়া, মো. আব্দুল কাশেম, ওবায়দুল্লাহ মজুমদার, ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার, ব্যারিস্টার কোরবান আলী, আশরাফ হোসাইন, অ্যাডভোকেট আনসার আলী, মো. কয়সার, আব্দুল মজিদ তালুকদার এবং একে মোশারেফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এইচএ/১৪২৮ ঘ.
bdnews24