২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামাজিক নিরাপত্তা ভাতার পরিমাণ ও আওতা বাড়বে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, আগামী বাজেটে বয়স্ক, মুক্তিযোদ্ধা, বিধবা ভাতাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সব ধরনের ভাতার পরিমাণ ও সুবিধাভোগীর সংখ্যা উভয়ই বাড়ানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 01:05 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, আগামী বাজেটে বয়স্ক, মুক্তিযোদ্ধা, বিধবা ভাতাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সব ধরনের ভাতার পরিমাণ ও সুবিধাভোগীর সংখ্যা উভয়ই বাড়ানো হবে। বুধবার দুপুরে অর্থমন্ত্রণালয়ে বয়স্ক ভাতা বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। মুুহিত এসময় আরও জানান, আগামী ২০০৯-১০ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের কাজ শেষ পর্যায়ে। সামাজিক নিরাপত্তা সুবিধাভোগীর সংখ্যা ও ভাতা বাড়ানোর সিদ্ধান্ত হলেও তা কি পরিমাণ বাড়ানো হবে- সে ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। মুহিত বলেন, নির্বাচনী প্রতিশ্র"তি পূরণের বিষয়টি বিবেচনায় রেখেই আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সব ভাতার পরিমাণ বাড়ানো হবে। বর্তমানে (চলতি ২০০৮-০৯ অর্থবছরে) ২০ লাখ অস্বচ্ছল বয়স্ককে মাসে ২৫০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। নতুন বাজেটে এ ভাতার পরিমাণ বাড়িয়ে ৩০০ টাকা এবং সুবিধাভোগীর সংখ্যা ২২ লাখ করার প্রস্তাব করা হতে পারে বলে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। এছাড়া নয় লাখ বিধবা, স্বামী পরিত্যক্তা ও দুস্থ মহিলা মাসে ২৫০ টাকা করে ভাতা পাচ্ছেন। চলতি বাজেটে 'দরিদ্র মাতৃত্বকালীন ভাতা' কার্যক্রমের আওতায় ৬০ হাজার নারী মাসে ৩০০ টাকা করে মাতৃত্বকালীন ভাতা পাচ্ছেন। এছাড়া বর্তমানে এক লাখ অস্বচ্ছল মুক্তিযোদ্ধা মাসে ৯০০ টাকা করে ভাতা পাচ্ছেন। নতুন বাজেটে সুবিধাভোগীর সংখ্যা অপরিবর্তিত রেখে মুক্তিযোদ্ধা ভাতার পরিমাণ বাড়িয়ে এক হাজার ৫০০ করার প্রস্তাব করা হবে বলে অর্থ মন্ত্রণালয়ের ঐ কর্মকর্তা জানান। এদিকে নতুন বাজেটের প্রস্তুতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বাজেটের শেষ মুহূর্তের কাজ চলছে। এ মাসের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে। ৪ জুন বাজেট অধিবেশন শুরু হবে। আর সংসদে বাজেট পেশ করা হবে ১১ জুন বৃহস্পতিবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/১৯০৮ঘ.