চাঁপাইনবাবগঞ্জ, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু সম্পর্কে আপত্তিকর লিফলেট বিতরণের অভিযোগে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) অবসরপ্রাপ্ত এক সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার শামীম আব্দুল হামিদ (৬০) নামের এই অবসরপ্রাপ্ত বিডিআর নায়েককে আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে ওই বিডিআর সদস্য কালীগঞ্জ এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কম্পিউটারে কম্পোজ করা আপত্তিকর মন্তব্য সম্বলিত লিফলেট বিতরণ করছিল এবং স্থানীয়দের পড়ে শোনাচ্ছিল। খবর পেয়ে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে।
ওসি বলেন, "গ্রেপ্তারের পর তাকে সিনিয়র বিচার বিভাগীয় হাকিম মোস্তফা কামালের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।"
এ ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, লিফলেটে লেখা রয়েছে শেখ মুজিবুর রহমানের জন্ম ভারতের একটি হিন্দু পরিবারে। ছোটবেলায় তার নাম ছিল দেবদাস চক্রবর্তী। বড় হয়ে নাম হয় শেখ মুজিবুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৫ ঘ.
bdnews24