২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনএসআই'র সাবেক দুই প্রধান ৬ দিনের রিমান্ডে

বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীকে ছয়দিন টিএফআই (টাস্কফোর্স ইন্টারোগেশনের) সেলে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 09:48 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

চট্টগ্রাম, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম)- বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীকে ছয়দিন টিএফআই (টাস্কফোর্স ইন্টারোগেশনের) সেলে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বুধবার দুপুরে তাদের চট্টগ্রাম মহানগর বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমাণ্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী। আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম ওসমান গণি ছয়দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে। এর আগে গত রোববার তাদের তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল আদালত। মঙ্গলবার ওই মেয়াদ শেষ হয়েছে। তবে তিন দিনের জিজ্ঞাসাবাদে ওই দুইজন উল্লেখযোগ্য কোনো তথ্য দেননি বলে সোমবার জানিয়েছিলেন সিআইডির চট্টগ্রাম অঞ্চলের বিশেষ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ মুসলিম। মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১০ ট্রাক অস্ত্র মামলায় আরো জিজ্ঞাসাবাদের জন্য এনএসআই'র সাবেক ওই দুই কর্মকর্তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে। গত শুক্রবার রাতে রাজধানীর ওল্ড ডিওএইচএস এর বাসা থেকে রেজ্জাকুল এবং ধানমণ্ডির বাসা থেকে রহিমকে গ্রেপ্তার করা হয়। এরপর শনিবার রাতে তাদের চট্টগ্রামের দামপাড়া সিআইডি কার্যালয়ে আনা হয়। গ্রেপ্তারকৃত এনএসআই'র সাবেক পরিচালক (নিরাপত্তা) অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবউদ্দিন আহমদ গত শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অস্ত্র খালাসের ঘটনায় রহিম ও রেজ্জাকুল হায়দারের সংশ্লিষ্টতার কথা জানান। ২০০৪ সালের ১ এপ্রিল মধ্য রাতে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) এর সংরক্ষিত জেটি ঘাট থেকে ১০ ট্রাক অস্ত্রের চালানটি আটক করে পুলিশ। এ মামলায় এ পর্যন্ত এনএসআই'র সাবেক তিন ও কর্তব্যরত এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামের ট্রাক পরিবহন প্রতিষ্ঠান গ্রিন ওয়েজের মালিক হাবিবুর রহমান ও ব্যবস্থাপক তসলিম মল্লিকের দেওয়া তথ্য অনুযায়ী এনএসআই'র মাঠ কর্মকর্তা আকবর হোসেন খানকে গ্রেপ্তার করা হয়। এ প্রতিষ্ঠান থেকে সাতটি ট্রাক ভাড়া করা হয়েছিল। পরে আকবর হোসেনের জবানবন্দির ভিত্তিতে গ্রেপ্তার করা হয় সাহাবউদ্দিনকে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রহিমকে বিএনপি জোট সরকার ২০০২ সালে এনএসআই'র মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়। ২০০৫ সাল পর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন। ওই বছর ফেব্র"য়ারিতে এনএসআই'র মহাপরিচালক করা হয় মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুুরীকে। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এফএফ/এমআই/জিএনএ/১৫৫৬ ঘ.