ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খিলগাঁওয়ের সিপাইবাগ এলাকার একটি বাসায় মঙ্গলবার দুই তরুণী খুনের ঘটনায় জড়িত সন্দেহে বুধবার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার নাম দীন ইসলাম ওরফে রেজা। তিনি নিজেকে নিহতদের ভাই বলে দাবি করেছেন।
মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার খন্দকার মহিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে রেজাকে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মহিদ উদ্দিন বলেন, "রেজার দুই স্ত্রী। দ্বিতীয় স্ত্রী গাজীপুরে থাকে। মগবাজারে থাকা প্রথম স্ত্রীর দেওয়া তথ্যের সূত্র ধরে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।"
রেজা সাংবাদিকদের বলেন, "আমার দুই বোন অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল। অনেকবার সাবধান করার পরও তারা তা চালিয়ে যাচ্ছিল। এ কারণে তাদের খুন করেছি।"
রেজার স্বীকারোক্তি অনুযায়ী ২৯৯/৩ সিপাইবাগের ওই বাসা থেকে খুন করার চাকুটি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে সিপাইবাগের ওই বাসা থেকে হালিমা (১৯) ও শান্তা ইসলাম (২১) নামের ওই দুই তরুণীর জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। তারা সম্পর্কে চাচাতে বোন এবং তাদের বাড়ি বাগেরহাটের চিতলমারি উপজেলায়।
একই বাসা থেকে কোহিনূর নেসা বৃষ্টি নামে আরেক তরুণীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/এজে/জিএনএ/১৩৪৪ ঘ.
bdnews24