২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের তুহিন হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

মুক্তিপণের দাবিতে অপহৃত স্কুলছাত্র তুহিন হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আরো তিনজনকে। মঙ্গলবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজাউল ইসলাম দণ্ডিতদের সামনে রায় পড়ে শোনান। মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে রয়েছেন মজিবর রহমান মইজ্জা, জহিরুল ইসলাম রানা ও রমজান হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 07:03 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিপণের দাবিতে অপহৃত স্কুলছাত্র তুহিন হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আরো তিনজনকে। মঙ্গলবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজাউল ইসলাম দণ্ডিতদের সামনে রায় পড়ে শোনান। মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে রয়েছেন মজিবর রহমান মইজ্জা, জহিরুল ইসলাম রানা ও রমজান হোসেন। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের মধ্যে রয়েছেন তৌহিদুল ইসলাম বিপ্লব, ইকবাল হোসেন ও রুস্তম। এ অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক অপর ১০ আসামিকে বেকসুর খালাস দেন। রায়ের বিবরণ অনুযায়ী, ২০০৭ সালের ২৪ মার্চ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ভিডিপি (আনসার) কর্মকর্তা কাজী নজরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম তুহিনকে দণ্ডিতরা রাজধানীর গোদনাইলের বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা তুহিনের বাবার কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তার বাবা মুক্তিপণের টাকা না দিয়ে বিষয়টি প্রশাসন ও থানা কর্তৃপক্ষকে জানান। এরপর ৩০ মার্চ তুহিনের লাশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিনুরকান্দি কবরস্থানে পাওয়া যায়। দণ্ডিত ৬ জনসহ মোট ৭ জন ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলার বিচার প্রক্রিয়ায় আদালতে রাষ্ট্রপক্ষে ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/ডিডি/টিআর/০১০০ ঘ.