২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বর-ডিসেম্বর নাগাদ পৌর ও ইউপি নির্বাচন হতে পারে: সিইসি

আগামী নভেম্বর-ডিসেম্বর মাস নাগাদ পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 09:15 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

গোয়ালন্দ, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নভেম্বর-ডিসেম্বর মাস নাগাদ পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে সার্ভার স্টেশনের প্রস্তাবিত স্থান পরিদর্শনের সময় তিনি এ কথা জানান। সিইসি বলেন, "কমিশন ভেবেছিল জুন মাসে এ নির্বাচন করা যাবে। কিন্ত তত্ত্বাবধায়ক সরকার এ সংক্রান্ত যে অর্ডিন্যান্স জারি করেছিল তা গত সংসদ অধিবেশনে উত্থাপিত হলেও দুর্ভাগ্যবশত তা পাস হয়নি। ফলে স্বয়ংক্রিয়ভাবে তা স্থগিত হয়ে পুরনো আইনটিই বহাল রয়ে গেছে।" এ অবস্থায় কেউই পুরনো আইনের অধীনে নির্বাচন করতে চায়না বলে তিনি জানান। শামসুল হুদা বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রার্থীদের যোগ্যতা, একই ব্যক্তির একাধিক পদে নির্বাচন না করার বিধানসহ বেশ কিছু সংস্কারের প্রস্তাব করা হয়েছে। সারাদেশকে ১০টি অঞ্চলে বিভক্ত করে প্রতিটি উপজেলায় একটি করে সার্ভার ষ্টেশন স্থাপন করে নির্বাচন ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজ সম্পাদন করা সম্ভব হবে বলেও জানান সিইসি। এ সময় তার সঙ্গে রাজবাড়ীর জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, ঢাকা বিভাগের ডেপুটি নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান, উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। দুপুর ও বিকেলে সিইসির রাজবাড়ী ও ফরিদপুরে আরো কয়েকটি সার্ভার স্টেশনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করার কথা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এজে/এসকে/১৫১১ঘ.