ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় দণ্ডপ্রাপ্ত ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। (আরো তথ্যসহ)
সাবেক নৌ প্রতিমন্ত্রী মায়া মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মোজাম্মেল হোসাইন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর পরপরই মহিউদ্দিন একই আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তাকেও কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
২০০৮ সালের ১৪ ফ্রেব্র"য়ারি বিশেষ জজ আদালত-৫ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় মায়াকে ১৩ বছরের কারাদণ্ড দেয়।
দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক নুরুল আলম ঢাকার সূত্রাপুর থানায় ২০০৭ সালের ১৩ জুন মায়ার বিরুদ্ধে মামলাটি করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট বাসেত মজুমদার।
হাইকোর্টের নির্দেশে সম্পদের তথ্য গোপনের মামলায় সাজাপ্রাপ্ত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মো. মহিউদ্দিন এবং আওয়ামী লীগ নেতা হাজী মকবুল হোসেনের ছেলে মাসুদুর রহমান দুপুরে ঢাকার পৃথক দুটি বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। ওই আদালতের বিচারকগণ জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মায়া ও মহিউদ্দিনের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, সৈয়দ রেজাউর রহমান, মোখলেসুর রহমান বাদল, নজিবুল্লাহ হিরু।
এ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোজাম্মেল হোসাইন শুনানি গ্রহণ শেষে আদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মহিউদ্দিনের আইনজীবীরা তার বিরুদ্ধে অপর একটি মামলারও (কর ফাঁকির মামলা) শুনানি করেন একই আদালতে । ওই মামলায়ও তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
২ কোটি ৯৭ লাখ ৯ হাজার ৬৪১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় মায়াকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ কোটি টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় গত বছরের ১৪ ফেব্র"য়ারি। ৫ নম্বর বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক আশরাফ হোসেন এ দণ্ডাদেশ দেন।
তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই মামলায় মায়ার স্ত্রী পারভিন চৌধুরী, ছেলে সাজেদুল হোসেন চৌধুরী, রাশেদুল হোসেন চৌধুরী, রিফাত সাইদ এবং দুই পুত্রবধূ সুবর্ণা চৌধুরী ও ফারহানা চৌধুরীকে বেকসুর খালাস দেয় আদালত।কর ফাঁকি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের পৃথক দুই মামলায় মহিউদ্দিনের মোট ১৯ বছরের সাজা হয়।
গত বছরের ১০ জুলাই ১ কোটি ২৫ লাখ ৩৮ হাজার ২৯১ টাকার সম্পদের তথ্য গোপনের মামলার রায় হয়।
মোহাম্মদপুর থানায় গত বছরের ২ জানুয়ারি দুদকের উপ-সহকারী পরিচালক মো. মীর আফজাল হোসেন মহিউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে এ মামলা করেন। এ মামলায় মহিউদ্দিনের ১১ বছরের কারাদণ্ড হয়।
তার বিরুদ্ধে কর ফাঁকির মামলার রায় হয় একই সময়ে। এ মামলায় তার ৮ বছর কারাদণ্ড, ৭৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৯ মাস কারাদণ্ডের রায় হয়।
৬০ লাখ ৭৩ হাজার ৮৮২ টাকার কর ফাঁকির অভিযোগে উপ-কর কমিশনার মোহাম্মদ ওয়াহিদ উল্লাহ খান মহিউদ্দিনের বিরুদ্ধে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করেন।
অন্যদিকে, আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজী মকবুলের বড় ছেলে মাসুদুর রহমান দুপুর পৌনে ১টায় আত্মসমর্পণ করেন ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতে।
বিচারক সিরাজুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৫ কোটি ৮৬ লাখ ৭৩ হাজার ৮৯৩ টাকার সম্পদের তথ্য গোপন মামলায় মাসুদুর রহমানের ১৩ বছরের কারাদণ্ড হয়েছিল।
একই আদালত গত ১৪ মে এই দণ্ডাদেশ দেয়। সে সময় মাসুদুরের স্ত্রী সালমা রহমানকেও ৩ বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত। পলাতক অবস্থায় তাদের বিরুদ্ধে রায় হয়।
আদালতে মাসুদুরের পক্ষে জামিন চান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, ব্যারিস্টার সাইদ আহমেদ রাজু, অ্যাডভোকেট জুনায়েদ হোসেন খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/এফএফ/এজে/জিএনএ/এইচএ/১৯২২ ঘ.
bdnews24