মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছরের জুলাই থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ইস্যু করা হবে।
বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় এ সংক্রান্ত প্রকল্প বাস্তবায়ন করবে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর-এর কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও মেশিন রিডেবল ভিসা (এমআরভি) প্রবর্তনের বিষয়ে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক বসছে।
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর-এর মহাপরিচালক মো. আবদুর রব হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০১০ সালের এপ্রিল থেকে মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসা প্রবর্তনের টার্গেট রয়েছে সরকারের। এ লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।"
তিনি জানান, আগামী মাসে এ কার্যক্রমের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে।
গত অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 'ইন্ট্রোডাকশন অব মেশিন রিডেবল পাসপোর্ট এ্যান্ড মেশিন রিডেবল ভিসা' শীর্ষক প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়। গত ১৯ মার্চ একনেক ২৮৩ কোটি টাকার এ প্রকল্প অনুমোদন করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-প্রধান (পরিকল্পনা) মো. আনোয়ার হোসেন জানান, আর্থিক ও স্পর্শকাতর অত্যাধুনিক যন্ত্রপাতির সীমাবদ্ধতার কারণে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) এর সিদ্ধান্ত অনুযায়ী ২০১০ সালের এপ্রিলের সময়সীমার মধ্যে ই-পাসপোর্ট প্রবর্তন সম্ভব হচ্ছে না।"
তিনি জানান, সেনাবাহিনীর সহায়তায় প্রকল্প বাস্তবায়ন করবে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর। এক্ষেত্রে নির্বাচন কমিশনের ছবিসহ ভোটার তালিকার প্রয়োজনীয় তথ্য ও যন্ত্রপাতি ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। ২০১৪ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।
মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসা চালুর পর ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) চালু করা যায় কিনা- সে ব্যাপারে সরকার চিন্তাভাবনা করবে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ কর্মকর্তা।
পাসপোর্ট অধিদপ্তর থেকে বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে পাসপোর্ট ইস্যু করা হচ্ছে। এতে তথ্য হাতে লিখে ছবি ও স্বাক্ষর পেস্ট করার কারণে জালিয়াতির সুযোগ থাকে। এছাড়া ব্যক্তিগত বিবরণী সম্বলিত কোনো ডাটাবেজ না থাকায় একাধিক পাসপোর্ট করার প্রবণতাও দেখা যায়। এতে বহির্বিশ্বে বাংলাদেশী পাসপোর্টের গ্রহণযোগ্যতা কমছে।
১৯৯৭ সালে বাংলাদেশে পাসপোর্ট আধুনিকায়নের কার্যক্রম শুরু হয়। ২০০৪ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মেশিনে পাঠযোগ্য পাসপোর্ট, ভিসা ও জাতীয় পরিচয়পত্র প্রবর্তনের কার্যক্রম হাতে নেয়। কিন্তু তা বাস্তবায়নের কাজ পরবর্তীতে আর এগোয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২৩৫০ঘ.
bdnews24