২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে তিন ছিনতাইকারী গুলিবিদ্ধ, একজনের মৃত্যু

গুলশান ও পল্লবীতে ছিনতাই করার সময় তিনজন গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে মানিক নামের একজন হাসপাতালে মারা গেছে। গুলশান থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত সাড়ে এগারোটার দিকে বনানী স্টাফ রোডে চার ছিনতাইকারী অস্ত্রের মুখে জুয়েল নামের এক যুবকের গতি রোধ করে ছিনতাই করার চেষ্টা চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 02:54 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশান ও পল্লবীতে ছিনতাই করার সময় তিনজন গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে মানিক নামের একজন হাসপাতালে মারা গেছে। গুলশান থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত সাড়ে এগারোটার দিকে বনানী স্টাফ রোডে চার ছিনতাইকারী অস্ত্রের মুখে জুয়েল নামের এক যুবকের গতি রোধ করে ছিনতাই করার চেষ্টা চালায়। এ সময় টহল পুলিশ ধাওয়া করলে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়ে তিনি বলেন, তাদের গুলিতে নিজেদেরই সঙ্গী মানিক (৩২) গুলিবিদ্ধ হয়। পুলিশ কর্মকর্তা বলেন, তার কাছ থেকে একটি চাপাতি ও ছিনতাই করা একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়। পরে তাকে স্থানান্তর করা হয় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে। দুপুর সাড়ে তিনটায় মানিক মারা যায় বলে জাহাঙ্গীর হোসেন জানান। তিনি জানান, এ ব্যাপারে জুয়েল একটি ও পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেছে। এদিকে পল্লবী থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান বলেন, গভীর রাতে পল্লবীর ৫ নম্বর রোডে কয়েকজন যুবক ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছে বলে টহল পুলিশ দেখতে পায়। এ সময় তারা পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। এতে শামিম (১৮) ও রুবেল (১৮) নামের দুই ছিনতাইকারী আহত হয় বলে জানিয়ে তিনি বলেন, তাদের কাছ থেকে একটি ছুড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারও করা হয়েছে তাদের। এ ব্যাপারে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/টিআর/২০৫০ ঘ.