২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর ডিএডি তৌহিদ আরও তিনদিনের আইনী হেফাজতে

বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের মামলায় বিডিআরের উপ সহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলমকে আবারও তিনদিন জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 01:54 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের মামলায় বিডিআরের উপ সহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলমকে আবারও তিনদিন জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার সকালে তৌহিদকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে আরও সাতদিন জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানান তদন্ত কর্মকতা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ। হাকিম মুমিনুল হাসান শুনানি শেষে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। বিকেলে একই মামলায় ৪২ বিডিআর সদস্যকে পাঁচদিন এবং অন্য দুজনকে চারদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন হাকিম মুমিনুল হাসান। ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ ও সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় ২৮ ফেব্র"য়ারি লালবাগ থানায় একটি মামলা হয়। ৭ এপ্রিল মামলাটি স্থানান্তর হয় নিউ মার্কেট থানায়। মামলায় ডিএডি তৌহিদসহ ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা এক হাজার জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ৭৮ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তৌহিদকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানিয়ে আদালতকে বলা হয়, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অন্য বিডিআর সদস্যরা ঘটনার সঙ্গে তার (তৌহিদ) জড়িত থাকার কথা জানিয়েছেন। তাদের দেওয়া তথ্যগুলো যাচাই করার জন্য তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা দরকার। এদিকে, একই মামলায় সিপাহী আব্দুল্লাহ আল মামুনের জামিনের আবেদন সোমবার নাকচ করেছেন ঢাকা মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ। আসামি পক্ষে জামিন আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট এমদাদুল হক লাল। এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামুনের জামিনের জন্য তিনি হাইকোর্টে আবেদন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএসবি/এসকে/২০০১ঘ.