ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মালিবাগ এলাকা থেকে রোববার চার নারী পকেটমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলো- বিলকিস (২২), নাসরিন (১৩), নাজু (২০) ও মিলন আক্তার (২০)।
ক্যামেরায় ধারণ করা ভিডিও চিত্র দেখে পুলিশের ভিজিল্যান্স টিমের সদস্যরা ওই পকেটমারদের সনাক্ত করে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শিবলি নোমান বলেন, "আমাদের কয়েকটি টিম বিভিন্ন এলাকায় সাদা পোশাকে কাজ করছে। রোববার সকালে মালিবাগ মোড়ে পকেটমারের দৃশ্য ভিডিও ধারণের পর নারী পকেটমারের ওই চক্রকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।"
নারী পকেটমারদের কাছ থেকে উদ্ধার করা একটি মোবাইলের মালিক নাহিদা আক্তার (১৮) সাংবাদিকদের জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় তার মোবাইল খোয়া যায়। পরে পুলিশের ভিডিওতে দেখা যায় একটি মেয়ে তার ব্যাগ খুলে মোবাইল নিয়ে যাচ্ছে।
পকেটমার বিলকিস জানিয়েছে, গত কয়েকমাস ধরে তারা এই চুরির কাজ করছে।
কাকরাইল, মৌচাক, শান্তিনগর, রামপুরায় নারী পকেটমারদের আরো কয়েকটি চক্র সক্রিয় রয়েছে বলেও বিলকিস জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এইচএ/০১৫৫ ঘ.
bdnews24