২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দল পুনর্গঠন চূড়ান্ত করতে শনিবার বসছে বিএনপি

তৃণমূল পর্যায়ে নতুন আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে দল পুনর্গঠনের বিষয়টি চূড়ান্ত করতে শনিবার বৈঠকে বসছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2009, 10:14 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃণমূল পর্যায়ে নতুন আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে দল পুনর্গঠনের বিষয়টি চূড়ান্ত করতে শনিবার বৈঠকে বসছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে চিরন্তন বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের ব্যানারে আয়োজিত 'ভারতীয় পানি আগ্রাসন : ফারাক্কা থেকে টিপাইমুখ' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখার পর সাংবাদিকদের তিনি একথা জানান। দল পুনর্গঠনের সবকিছু এখন চূড়ান্ত পর্যায়ে আছে জানিয়ে মওদুদ সাংবাদিকদের বলেন, ''শনিবার সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চেয়ারপারসন খালেদা জিয়া।" বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তৃণমূল পর্যায়ে দল পুনর্গঠনের জন্য গত ১ ফেব্র"য়ারি ৬টি সাংগঠনিক কমিটি গঠন করে দেন। কমিটিগুলো তৃণমূল নেতাদের সঙ্গে আলোচনা শেষে ফেব্র"য়ারি মাসেই খালেদা জিয়ার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। মওদুদ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভারতের সঙ্গে পানি হিস্যাসহ নদ-নদীর পানি সমস্যার সমাধানে একটি সর্বদলীয় বিশেষজ্ঞ কমিটি গঠন এবং জাতীয় পানি পরিকল্পনা প্রণয়নের দাবি জানান। তিনি বলেন, ''পানি সমস্যা কোনো দলীয় বিষয় নয়। এ সমস্যা দেশের ও দেশের মানুষের। এ সমস্যা সমাধানে সরকারের উচিৎ সবাইকে নিয়ে কাজ করা। "টিপাইমুখে বাঁধ নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন নদ-নদীর পানির হিস্যার বিষয়ে কেবল দেশেই নয়, ভারতেও আমাদের জনমত গড়ে তুলতে কাজ করতে হবে।'' সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারসহ তিনজনকে সংসদীয় তদন্ত কমিটির তলব বিষয়ে এক প্রশ্নের জবাবে মওদুদ বলেন, ''অভিযোগগুলো প্রকাশ্যে তুলে ধরা ও অভিযোগকারীদের তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ চিঠি দিয়ে না জানানোটা তদন্ত কমিটির ভুল সিদ্ধান্ত ছিল। এর ফলে মানুষ ভাবছে- এই তদন্ত দুর্নীতির জন্য নয়, রাজনৈতিকভাবে তাদের হেয় করার জন্য করা হয়েছে।'' সরকার বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, "বিএনপি জোরালোভাবে ও নিয়মতান্ত্রিক পথে এর প্রতিবাদ জানিয়ে যাবে। আন্দোলন গড়ে তুলবে।'' ঢাকা সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার বিষয়ে খালেদা জিয়াকে দেওয়া সরকারের দ্বিতীয় নোটিশ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, ''আমরা দ্বিতীয় নোটিশটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের কাছে পাঁচ দিনের মধ্যে জবাব চেয়েছিলাম। আজ (শুক্রবার) তার শেষ দিন। "রোববার এ বিষয়ে আমরা আদালতে যাব। এজন্য রিট পিটিশন করতে এফিডেভিটের জন্য একটি আবেদনও করা হয়েছে। কিন্তু গতকাল (বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টের রেজিস্টার অফিস আমাদের জানিয়ে দিয়েছে- এবার ওথ কমিশন পাঠানো সম্ভব নয়।" তিনি বলেন, "এটা রাজনৈতিক চাপে হচ্ছে কিনা তা আমরা জানি না। এ ধরনের আচরণ সুষ্ঠু আইনের পরিপন্থি।'' মওদুদ জানান, প্রথম নোটিশটির বৈধতার বিরুদ্ধে আদালতে রিট করতে এফিডেভিট করার জন্য খালেদা জিয়ার সই নিতে ওথ কমিশনের সদস্য তার বাসায় পাঠানোর ব্যবস্থা করা হয়। এবার তা হচ্ছে না। চিরন্তন বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, বিডিআর'র সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান প্রমুখও বক্তব্য রাখেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক তারেক শামসুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/১৬১৭ ঘ.