ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তাকে গুলি করে চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
আহত কর্মকর্তা সিদ্ধরগঞ্জ পাওয়ার হাউজের স্টোর অফিসার রেজাউল করিম (৩৫)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেজাউল জানান, সকাল ১১ টার পর এক্সিম ব্যাংকের চিটাগাং রোড শাখা থেকে চার লাখ টাকা তুলে রিক্সায় অফিসে যাওয়ার পথে রংধনু সিনেমা হলের সামনে ছিনতাইকারীরা তার পথরোধ করে। দু'টি মোটরসাইকেলে করে চার ছিনতাইকারী আগ্নেয়াস্ত্র উচিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এসময় ছিনতাইকারীরা তার দু' পায়ের হাঁটুতে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/১৯০৯ঘ.
bdnews24