ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাজী মোবারক আলী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত তিন জনের নাম পাওয়া গেছে এবং তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ।
তবে পুলিশ বলছে, মামলাটির দৃশ্যত কোনও কিনারা হয়নি। খুনীদের নাম-পরিচয় যোগারের চেষ্টা চলছে।
চাঁদার দাবিতে শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগীরা মঙ্গলবার একটি তৈরী পোশাক কারখানা মালিকের শ্বশুর হাজী মোবারক আলীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে।
বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক ব্রিফিংয়ে তানজিম আহমেদ বলেন, "অতিসত্ত্বর দায়ীদের গ্রেপ্তার করে আইনের অধীনে আনার নির্দেশ দিয়েছি। এ ধরনের ঘটনা সহ্য করা হবে না। ওই হত্যাকাণ্ডে জড়িত তিনজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই একটা ব্রেক থ্রু দেখতে পাবেন।"
প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনায় সন্ত্রাসী জিসানের জড়িত থাকার অভিযোগ এসেছে। ঘটনার পেছনে আরও অনেক ঘটনা আছে। জিসান দুবাই অবস্থান করছে। এই জিসানের বিরুদ্ধে দুই পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওর নাম দিয়ে ওর সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা জানতে পেরেছি।
অন্যদিকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, পুলিশ, র্যাব এবং গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন সংস্থা এ হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও খুনীদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে। জিসানের সহযোগী টিনএজ সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে। আর এর হোতা সন্ত্রাসী জিসান।
তিনি জানান, পুলিশ মামলাটির দৃশ্যত কোনও কিনারা করতে পারেনি। তবে জোর চেষ্টা চলছে। খুনীদের নাম-পরিচয় যোগাড়ের চেষ্টা করা হচ্ছে।
মঙ্গলবার সকালে সন্ত্রাসীরা হাজী মোবারক আলীকে গুলি করে হত্যা করে। এর কিছুদিন আগে সন্ত্রাসী জিসান পরিচয়ে দুবাই থেকে ফোন করে এক ব্যাক্তি মোবারক আলীর জামাই গার্মেন্টস মালিক দেলোয়ার হোসেনের কাছে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে দেলোয়ার হোসেনের গাড়িতে করে নাতিদের স্কুলে নিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা ওই গাড়িতে গুলি করলে মোবারক আলী নিহত হন।
এ ঘটনায় নিহতের জামাই দেলোয়ার হোসেন বাদী হয়ে বাড্ডা থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জিএমএ/এএনএস/এইচএ/০১৩১ ঘ.
bdnews24