২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে গণপিটুনি ও পুলিশের গুলিতে আহত ৩ ডাকাত

রাজধানীর পল্লবীতে বুধবার রাতে ডাকাতি করে পালানোর সময় তিন ডাকাতকে আটক করেছে পুলিশ ও জনতা। এদের মধ্যে পুলিশের গুলিতে একজন ও গণপিটুনিতে আরও দুই ডাকাত আহত হয়েছে। তারা পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2009, 06:46 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে বুধবার রাতে ডাকাতি করে পালানোর সময় তিন ডাকাতকে আটক করেছে পুলিশ ও জনতা। এদের মধ্যে পুলিশের গুলিতে একজন ও গণপিটুনিতে আরও দুই ডাকাত আহত হয়েছে। তারা পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে। পুলিশের মিরপুর জোনের উপ-কমিশনার ইমতিয়াজ আহমেদ জানান, রাত সাড়ে ৯টার দিকে ডাক বিভাগের কর্মকর্তা জহিরুল ইসলামের (এভিনিউ ৫, লাইন ২, বাসা- ৪৯/৫০ পল্লবী) বাসায় ৫/৬জন ডাকাত ডাকাতি করে বেরিয়ে যাওয়ার সময় একটি বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের শব্দ পেয়ে ওই এলাকায় টহলরত পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী উপ-কমিশনার ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ দেখে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এসময় পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও পাল্টা গুলি ছোঁড়েন। এতে এক ডাকাত আহত হয়। তিনি জানান, পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলির শব্দে স্থানীয় লোকজন এগিয়ে আসে। তারা দু' ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ইতালির তৈরি পিস্তল ও গুলির খোসা উদ্ধার করেছে। এদিকে বোমায় আহত গৃহকর্তা জহিরুল ইসলামকে (৫৭) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জানান, ডাকাতরা বাড়ির সবাইকে জিম্মি করে মোবাইল ফোন, অলঙ্কার ছিনিয়ে নেয়। এসময় তিনি পাশের একটি ঘর থেকে চিৎকার করলে তাকে লক্ষ্য করে ডাকাতরা বোমা ছুঁড়ে মারে। এতে তিনি আহত হন। জহিরুল ইসলাম জিপিওতে ফরেন সার্ভিস বিভাগের সুপারভাইজার। ডাকাত সন্দেহে গণপিটুনিতে আহত মোবারক (২০) নামে একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। মোবারক সাংবাদিকদের জানিয়েছে, সে ক্যারাম খেলার সময় বিস্ফোরণের শব্দ শুনে দৌড় দিয়ে ঘটনাস্থলের দিকে যাওয়ার সময় পুলিশ তাকে ডাকাত সন্দেহে গাড়িতে তুলে নেয়। এসময় স্থানীয় লোকজন তাকে গাড়ি থেকে নামিয়ে গণপিটুনি দেয়। সে ডাকাত নয় বলে দাবি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/০০৫০ঘ.