ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইল, জামালপুরে ও চাঁপাইনবাবগঞ্জে তিনটিন সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং অন্তত ৩৬জন আহত হয়েছেন।
এর মধ্যে টাঙ্গাইলে ১ জন নিহত, ২৬ জন আহত, জামালপুরে ১ জন নিহত ও ১০ জন আহত এবং চাঁপাইনবাবগঞ্জে একজন নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ-
টাঙ্গাইল: বিকেল ৪টার দিকে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের তারটিয়া বিসিক শিল্প নগরীর সামনে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২৬জন আহত হয়।
নিহতর ১৪/১৫ বছর বয়সী ছেলেটির পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মধ্যে ২০জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের পরিচয় জানা যায়নি।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন সরকার জানান, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে টাঙ্গাইলের ভুয়াপুর থেকে ঢাকাগামী হাইচয়েজ পরিবহনের বাসের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়।
জামালপুর: জামালপুরের সরিষাবাড়ি-জামিরা সড়কের সোনাকান্দা এলাকায় একটি যাত্রীবাহী ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আমজাদ হোসেন (৬০) নামে একজন মারা যান। আহত হন আরও ১০ জন।
আহত বাগমারার এলাকার শহীদ (৩২), সাইফুর (৩৫), চর শিশুয়ার রেজাউল (২৬), আজাহার (৪০), চর সরিষাবাড়ির নুরুল ইসলাম (৬৫) এবং ছতোরিয়া গ্রামের আলালকে (৪২) সরিষাবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আমজাদের বাড়ি সরিষাবাড়ি উপজেলার সোনাকান্দা গ্রামে।
সরিষাবাড়ি থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, নিহতের লাশ স্বজনদের কাছে পাঠিয়ে ফেরত দেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ: সকালে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দারিয়াপুর এলাকায় বাসের ধাক্কায় এক মহিলা নিহত হয়েছেন।
নিহত জোবেদা বেগম (৫০) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দারিয়াপুর মহল্লার আলাউদ্দিনের স্ত্রী।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক গোলাম রাব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে দায়িরাপুর গোরস্তানের সামনে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস জোবেদাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে। বাসটি আটক করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৮ ঘ.
bdnews24