ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা না দেওয়ার কারণে সন্ত্রাসীদের প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন রাজধানীর এক ব্যবসায়ী।
বুধবার ওই সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে কর্মচারীদের মারধর করে এবং এলোপাতাড়ি গুলি চালায়।
সিরাজুল ইসলাম তপন নামের ওই ব্যবসায়ী রাজধানীর মোহাম্মদপুরে সার্জিকাল সরঞ্জামের ব্যবসা করেন।
সিরাজুল ইসলাম গত ২৪ এপ্রিল মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরীতে অভিযোগ করেছেন মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী নবীর ছোটভাই পরিচয় দিয়ে জনৈক আশিক তার কাছে এককালীন ২০লাখ ও মাসে ৫০হাজার টাকা চাঁদা দাবি করে। আশিক তাকে নবীর সঙ্গে যোগাযোগ করতে বলে। যোগাযোগ না করায় পরদিন ফোন করে প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসীরা।
মোহাম্মদপুর থানায় অভিযোগ করেও কোন সুফল পাননি সিরাজুল ইসলাম তপন। উল্টো বুধবার সকালে তার পিসি কালচার হাউজিং সোসাইটির ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
সকাল সোয়া ৯টার দিকে ৪ সন্ত্রাসী অফিসকক্ষে প্রবেশ করে তপনকে খুঁজতে থাকে। তারা তপনকে না পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং অফিসের দুই কর্মচারীকে গলাটিপে ধরে হুমকি দেয়।
ঘটনার পর পরই পুলিশ এবং র্যাব সদস্যরা ঘটনাস্থলে যান।
তপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মোবাইল ফোনে জানান, হুমকির কারণে তিনি একপ্রকার আত্মগোপন করে আছেন।
মোহাম্মদপুরের ব্যবসায়ীরা জানিয়েছেন, সন্ত্রাসী নবী ও সন্ত্রাসী হালিম গ্র"প পুরো এলাকাকে জিম্মি করে রেখেছে। কিছুদিন আগে চাঁদার দাবিতে এরা একটি ডিশ ব্যবসা প্রতিষ্ঠানে একসপ্তাহে দুই দফা হামলা চালিয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/এসকে/২৩৫৫ঘ.
bdnews24